Khabor Ekhon
উবার শাটল অতীত, সোমবার থেকেই কলকাতায় নামছে ৩০০টি নতুন বাস
সুদেষ্ণা বিশ্বাস: (কলকাতা): শহর কলকাতার অফিসযাত্রীদের যাতায়াতের ঝক্কি কমাতে বড়সড় রদবদল ঘটছে অ্যাপ-ভিত্তিক বাস পরিষেবায়। গত ২রা এপ্রিল থেকে কলকাতায় উবার তাদের জনপ্রিয় ‘শাটল’ (Uber Shuttle) পরিষেবা পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে। তবে নিত্যযাত্রীদের দুশ্চিন্তা দূর করতে দ্রুত ময়দানে নামছে আর এক বহুজাতিক সংস্থা ‘সিটিফ্লো’ (Cityflo)। আগামী ৬ই এপ্রিল, সোমবার থেকেই তিলোত্তমার রাস্তায় নামছে তাঁদের ৩০০টি বাতানুকূল বাস।
কেন বন্ধ হলো উবার শাটল?
সংস্থা সূত্রে খবর, ব্যবসায়িক কৌশলে পরিবর্তনের কারণেই তারা সাধারণ যাত্রীদের জন্য এই পরিষেবা বন্ধ করছে। উবার এখন মূলত করপোরেট বা এমপ্লয়ি ট্রান্সপোর্টেশন সার্ভিসের (ETS) ওপর বেশি নজর দিতে চাইছে। এর ফলে সল্টলেক সেক্টর ফাইভ এবং নিউ টাউনগামী প্রায় ৩০ হাজার যাত্রী গভীর সঙ্কটে পড়েছিলেন। অনেকেরই অভিযোগ ছিল, উবার শাটল বন্ধ হওয়ায় তাঁদের যাতায়াতের খরচ ও সময়—দুই-ই এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে।
ত্রাতা হয়ে এল সিটিফ্লো:
উবার সরে দাঁড়াতেই সেই শূন্যস্থান পূরণে কোমর বেঁধে নেমেছে সিটিফ্লো। সংস্থার সিইও জেরিন ভেনাদ জানিয়েছেন, প্রথম দিকে ১০০টি বাস নামানোর কথা থাকলেও যাত্রীদের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে তাঁরা সোমবার থেকেই ৩০০টি বাস নিয়ে যাত্রা শুরু করছেন। আগামী দুই মাসের মধ্যে বাসের সংখ্যা এবং রুটের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁদের।
পরিষেবার খুঁটিনাটি:
রুট: উবার শাটল যে সমস্ত রুটে চলত, মূলত সেই রুটগুলোকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দক্ষিণ কলকাতার রানি কুঠি, বিজয়গড়, সোনারপুর, বারুইপুর এবং বেহালা-জোকা থেকে সরাসরি সেক্টর ফাইভ ও নিউ টাউন যাওয়ার বাস মিলবে। উত্তর শহরতলির ডানলপ, ব্যারাকপুর ও বারাসাত রুটেও মিলবে এই পরিষেবা।
বুকিং: সিটিফ্লো-র নিজস্ব মোবাইল অ্যাপের মাধ্যমেই যাত্রীরা আসন সংরক্ষণ করতে পারবেন।
সময়: অফিস টাইমের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে যাতে আইটি কর্মীদের যাতায়াতে কোনো সমস্যা না হয়।
পরিবহন দফতরের ভূমিকা:
এদিকে উবার শাটল বন্ধ হওয়া নিয়ে রাজ্যের বিদায়ী পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে। ইতিমধ্যেই সরকারি পরিবহন নিগমের (WBTC) তরফে ২০০টি নতুন সিএনজি চালিত এসি বাস নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে, যার মধ্যে ১০০টি ইতিমধ্যেই রাস্তায় চলাচল করছে। বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি সরকারি বাসের সংখ্যা বাড়িয়েও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।
নির্বাচনী আবহে গণপরিবহন যখন এক বড় চ্যালেঞ্জ, তখন নতুন এই ৩০০টি বাস অফিসযাত্রীদের বড়সড় স্বস্তি দেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।—
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

