Khabor Ekhon
নায়ক রিজভি, দিল্লির কাছে হার হার্দিকহীন মুম্বইয়ের
প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আইপিএলে শুরুটা দারুণ করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রায় ১৪ বছর পর জয় দিয়ে আইপিএল শুরু করেছিল তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে মুখ থুবড়ে পড়ল মুম্বই। দিল্লি ক্যাপিটালসের কাছে ৬ উইকেটে হারল তারা।
শনিবারের প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬২ রান তুলেছিল মুম্বই। সূর্যকুমার যাদব রুখে দাঁড়িয়ে অর্ধশতরান না করলে আরও খারাপ হত মুম্বইয়ের অবস্থা। অসুস্থ থাকায় এদিন হার্দিক পান্ডিয়া খেলতে পারছেন না। তাঁর জায়গায় নেতৃত্ব দেন সূর্য। দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। কলকাতার বিরুদ্ধে রান পেয়েছিলেন রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন। এদিন প্রোটিয়া তারকা রিকেলটন ব্যর্থ। ১১ বলে ৯ রান করে ফিরে যান তিনি। একই ওভারে ফেরেন তিলক বর্মাও। তৃতীয় ওভারে জোড়া ধাক্কা দিয়ে মুম্বইকে চাপে ফেলে দেন মুকেশ কুমার।
সেখান থেকে হাল ধরেন রোহিত এবং সূর্যকুমার। তৃতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়েন তাঁরা। রোহিত বেশ আগ্রাসী খেলছিলেন। ধীরে ধীরে অর্ধশতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন। ২৬ বলে ৩৫ রান করে ফিরে যান তিনি। ইনিংসে একটিই ছক্কা মেরেছেন হিটম্যান। যদিও সেই ছক্কা মেরেই মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড ভেঙে দিয়েছেন রোহিত।
আইপিএলের ইতিহাসে একটি প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েছেন রোহিত। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩৮ ম্যাচে ৫১টি ছক্কা মেরেছেন তিনি। এর আগে ধোনি ও রোহিত যুগ্মভাবে শীর্ষে ছিলেন। আরসিবির বিরুদ্ধে ৩৮ ম্যাচেই ৫০টি ছক্কা মেরেছেন ধোনি। দিল্লির বিরুদ্ধে সপ্তম ওভারে বিপরাজ নিগমের বলে ছক্কা মেরে ধোনিকে টপকে যান রোহিত।
ভারতীয় ব্যাটারদের মধ্যে তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৫ ম্যাচে ৪৮টি ছক্কা মেরেছেন বিরাট। আইপিএলের ইতিহাসে ভারতীয় ও বিদেশি ব্যাটার মিলিয়ে এই রেকর্ড রয়েছে ক্রিস গেইলের। কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৬ ম্যাচে ৬১টি ছক্কা মেরেছেন তিনি। আবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংসের হয়ে কেকেআরের বিরুদ্ধে মেরেছেন ১৯ ম্যাচে ৫৪টি ছক্কা।
এর পর শেরফানে রাদারফোর্ডও টিকতে পারেননি। তিনি ৭ বলে ৫ রান করেন। সূর্যকুমারের সঙ্গে যোগ দেন নমন ধীর। একটা দিক রেখেছিলেন সূর্যকুমার। তিনি চালিয়ে খেলে তিনটি চার এবং দু’টি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৫১ করেন। নমন করেছেন ২১ বলে ২৮। দিল্লির হয়ে মুকেশ দু’টি উইকেট নেন।
জবাবে দিল্লির শুরুটাও ভালো হয়নি। ৭ রানে দুই উইকেট খুইয়ে বসে তারা। কেএল রাহুল গত ম্যাচে খাতা খুলতে ব্যর্থ। এদিন ১ রান করেন তিনি। নীতীশ রানা এখন পর্যন্ত খাতা খুলতে পারেননি। তবে অপর ওপেনার পাথুম নিশঙ্কাকে সঙ্গ দেন সমীর রিজভি। ৩০ বলে ৪৪ রান করে নিশঙ্কা ফিরে গেলেও, সমীর দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে চলে যান। ২২ বছরের এই তারকা এবারের আইপিএলে নিঃসন্দেহে নতুন নক্ষত্র। ৫১ বলে ৯০ রান করে আউট হন তিনি। সাতটি করে চার ও ছয় দিয়ে সাজানো তাঁর ইনিংস।
বাকি কাজটি সেরে ফেলেন দুই প্রোটিয়া তারকা ডেভিড মিলার ও স্ট্রিস্টান স্টাবস। মিলার ২১ ও স্টাবস ৩ রানে অপরাজিত থাকেন। ১৮.১ ওভারে জয়ের রান তুলে নেয় দিল্লি। জসপ্রীত বুমরা আঁটোসাঁটো বোলিং করলেও, শার্দূল ঠাকুর-করবিন বশদের ছেড়ে কথা বলেননি সমীর।
যদিও ইনিংস বিরতিতে রোহিত বলেছিলেন, ‘খুব মন্থর উইকেট। শুরুতে সময় দিতে হবে। তারপরেই বড়ো শট খেলা যাবে। এই উইকেটে আমরা ভালো রান করেছি। কারণ, এখানে শট মারা সহজ হবে না।’ তিনি আরও বলেন, ‘শুরুতে উইকেট পেলে খেলার নিয়ন্ত্রণ আমাদের হাতে চলে আসবে। নতুন বলে খেলা কঠিন। বিশেষ করে বলের লাইনে খেলা কঠিন। আমাদের বোলাররা সেটা কাজে লাগাবে।’
রোহিতের কথা শুনেই হয়তো শুরুটা বেশ মন্থর ভাবে করেছিলেন সমীর। প্রথম ২৩ বল একটু দেখে খেলছিলেন তিনি। ২৩ বলে করেন ২৫ রান। তারপরেই সোজা পঞ্চম গিয়ারে ওঠে তাঁর গাড়ি। পরের ২৭ বলে ৬৫ রান করেন দিল্লির তরুণ তুর্কি। তবে রোহিতের কথা মতো শুরুতে উইকেট তুলে নিলেও লাভ হয়নি মুম্বইয়ের। বলা ভালো, সমীর রিজভি বিশেষ সুবিধা করতে দেননি বুমরাদের।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

