Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ক্যানভাসে দেবীপক্ষ, কলকাতায় শিল্পের মহামিলন

0 17,569,884

বসন্তের শহরে অকাল বোধন। তবে মৃন্ময়ী রূপে নয়, দেবী বন্দনা চলল তুলির টানে, ভাস্কর্যে আর ক্যামেরার লেন্সে। বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব-এর উদ্যোগে গত ২৭ থেকে ২৯ মার্চ শহর দেখল এক অভিনব শিল্পোৎসব— দেবী অন ক্যানভাস’। অশান্ত পৃথিবীতে শিল্পের মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই প্রদর্শনী ঘিরে তিলোত্তমায় যে উন্মাদনা চোখে পড়ল, তা এক কথায় নজিরবিহীন।
২৭ মার্চ বিকেল ৫টায় প্রদর্শনীর দ্বারোদঘাটন হয় এক অনন্য বার্তার মধ্য দিয়ে। সমাজের সর্বস্তরে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। অল ইন্ডিয়া তৃণমূল মাইনরিটি সেলের অর্গানাইজেশন সেক্রেটারি মহম্মদ এহতেশামুল হক সিদ্দিকী, বিশপ ড. শ্রীকান্ত দাস, মাহেশ জগন্নাথ মন্দিরের সেবাইত পিয়াল অধিকারী এবং বৌদ্ধ ভিক্ষু ভেন বিখু বিশ্বজিতের উপস্থিতিতে এক সর্বধর্ম সমন্বয়ের আবহ তৈরি হয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিচালক অনিন্দ্য সরকার-সহ টলিউডের অন্যান্য গুণীজন ও শিক্ষাবিদগণ। অংশগ্রহণকারী ছিলেন ৭৬ জন নবীন ও প্রবীণ শিল্পী। মাধ্যম ছিল চিত্রকলা, ভাস্কর্য ও ফটোগ্রাফি।
বিশেষ আকর্ষণ ছিল কুমোরটুলির ঐতিহ্যবাহী মৃৎশিল্পীদের বিশেষ সম্মাননা জ্ঞাপন। ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শর্মিষ্ঠা রায় চৌধুরীকে কেন্দ্র করে তৈরি হওয়া ১০০-র বেশি নান্দনিক ‘ন্যুড আর্ট’ ও রিয়ালিস্টিক স্টাডি ছিল এই প্রদর্শনীর অন্যতম স্তম্ভ।
এই সমগ্র মহাযজ্ঞের মূলে রয়েছেন বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের প্রেসিডেন্ট সুরথ চক্রবর্তী এবং শর্মিষ্ঠা রায় চৌধুরী। ২০২৪-২৫ সালে শর্মিষ্ঠাকে কেন্দ্র করে যে রিয়ালিস্টিক আর্টের আন্দোলন তাঁরা শুরু করেছিলেন, ‘দেবী অন ক্যানভাস’ তারই এক পরিণত রূপ।

সুরথ চক্রবর্তী জানান, “২০০৫ সাল থেকে আমরা নতুন ধারার চিন্তা নিয়ে কাজ করছি। বর্তমানের যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে আমাদের এই দেবী আরাধনা আসলে শুভ শক্তির আবাহন।” অন্যদিকে শর্মিষ্ঠা দেবীর মতে, “হারিয়ে যাওয়া রিয়ালিস্টিক আর্টকে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। ক্যানভাসে দেবী শক্তির মাধ্যমে আমরা মানবিকতার জয়গান গেয়েছি।”
তিনদিনব্যাপী এই প্রদর্শনীতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় আয়োজকদের। দর্শকদের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছিল এ যেন কোনও বড় উৎসবের আঙিনা। প্রবীণ শিল্পীদের সূক্ষ্ম কাজের পাশাপাশি নজর কেড়েছে তরুণ তুর্কিদের সৃজনশীলতাও।
প্রদর্শনী শেষ হয়েছে ঠিকই, কিন্তু রেশ রয়ে গিয়েছে দর্শকদের মনে। তিনদিনের এই শৈল্পিক সফর শেষে শিল্পপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন— ‘আবার কবে?’ শিল্পের মাধ্যমে শান্তি ও সহমর্মিতার যে বীজ বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব বুনে দিল, তা আগামী দিনে শহর কলকাতার শিল্পচর্চায় এক নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper