Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

একলা চলোর পথে হাত শিবির: বহরমপুরে অধীর, নন্দীগ্রামে তুরুপের তাস জরিয়াতুল

0 32,817,933

জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের ২৮৪টি বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। বাম-কংগ্রেস জোটের পথে না হেঁটে এবার এককভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে ‘হাত’ শিবির। প্রথম দফার নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার ঠিক ২৪ ঘণ্টা আগে এই তালিকা প্রকাশ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
হেভিওয়েটদের লড়াই:
তালিকায় সবথেকে বড় চমক প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নাম। তিনি নিজের গড় বহরমপুর থেকেই বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মালদহের মালতীপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূরকে। বালিগঞ্জ কেন্দ্রে প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের পুত্র রোহন মিত্রের ওপর ভরসা রেখেছে দল। এছাড়াও নজরকাড়া প্রার্থীদের মধ্যে রয়েছেন ভবানীপুরে প্রদীপ প্রসাদ এবং রাসবিহারীতে আশুতোষ চট্টোপাধ্যায়।
            তৃণমূল ত্যাগীদের ঠাঁই:
তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দেওয়া অমল আচার্যকে ইটাহার কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়েছে। অন্যদিকে, এখনও ১০টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। কংগ্রেস সূত্রের খবর, তৃণমূলের টিকিট না-পাওয়া বেশ কয়েকজন বিধায়ক কংগ্রেসের টিকিটে লড়তে চেয়ে আবেদন করেছেন, যা খতিয়ে দেখছে হাইকম্যান্ড। বিশেষত বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নাম এই তালিকায় না থাকায় জল্পনা শুরু হয়েছে। গতবার তিনি শ্রীরামপুর থেকে লড়লেও এবার ওই আসনের প্রার্থীর নাম এখনও ঝুলে রয়েছে।
             নন্দীগ্রামে যুব মুখ:
রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু নন্দীগ্রামে কংগ্রেস আস্থা রেখেছে দলের যুব নেতা শেখ জরিয়াতুল হোসেনের ওপর। অন্যদিকে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে ফের প্রার্থী করা হয়েছে হেভিওয়েট নেতা আলি ইমরান রামজ় ওরফে ভিক্টরকে। পুরনো বিধায়কদের মধ্যে মোহিত সেনগুপ্ত (রায়গঞ্জ), অসিফ মেহবুব (চাঁচল) এবং মোস্তাক আলমের (হরিশ্চন্দ্রপুর) ওপর পুনরায় ভরসা দেখিয়েছে এআইসিসি।
              নিচুতলায় স্বস্তি:
ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর অন্যান্য দলগুলি প্রার্থী ঘোষণা করলেও কংগ্রেসের বিলম্ব নিয়ে নিচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। অবশেষে ২৮৪ আসনের তালিকা প্রকাশ হওয়ায় কর্মীদের মধ্যে উদ্দীপনা ফিরেছে। আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। সোমবার থেকেই শুরু হচ্ছে সেইসব কেন্দ্রের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। বামেদের সঙ্গে জোট না হওয়ায় এবার রাজ্যের প্রায় প্রতিটি আসনেই ত্রিমুখী বা চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা প্রবল হয়ে উঠল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper