Khabor Ekhon
শ্যুটিং চলাকালীন অঘটন: তালসারিতে ডুবে মৃত্যু অভিনেতা রাহুলের
রুচিরা রায়: টলিপাড়ায় শোকের ছায়া। দিঘার তালসারিতে ধারাবাহিক শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বছর ৪৩-এর এই অভিনেতার আকস্মিক প্রয়াণে স্তম্ভিত তাঁর সহকর্মী ও অনুরাগীরা।
জানা গেছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্য গত কয়েকদিন ধরে দিঘা ও তালসারি এলাকায় ছিল গোটা ইউনিট। এদিন প্যাক-আপের ঠিক আগেই এই বিপর্যয় ঘটে। অভিনেতা দিগন্ত বাগচীর বয়ান অনুযায়ী, শ্যুটিংয়ের একটি অংশ শেষ করে রাহুল তালসারিতে সমুদ্রে নামেন। কেন তিনি জলে নামলেন বা ঠিক কী ঘটেছিল তা এখনও স্পষ্ট নয়। দীর্ঘক্ষণ তিনি জল থেকে না ফেরায় এবং নিখোঁজ থাকায় সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই টেকনিশিয়ানরা চিৎকার করে ওঠেন রাহুলকে ডুবে যেতে দেখে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ধারাবাহিকে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করা প্রবীণ অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় বলেন, “বিশ্বাস করতে পারছি না। সুস্থ-সবল একটা মানুষ এভাবে চোখের সামনে চলে গেল! আমরা সবাই দুপুরের খাবার খেতে যাচ্ছিলাম, ও বলেছিল কয়েকটা শট দিয়ে আসছে। প্যাক-আপের পরেই এই কাণ্ড ঘটে গেল।” প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অভিনেতা সম্ভবত সাঁতার জানতেন না অথবা জলের তলায় কোনও চোরাবালিতে বা গর্তে আটকে পড়েছিলেন।
দিঘা হাসপাতালে রাহুলের দেহের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং শ্যুটিং ইউনিটের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শ্যুটিং স্পটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। এক সম্ভাবনাময় অভিনেতার এমন অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা স্টুডিও পাড়া।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

