Khabor Ekhon
মেয়ের চোখের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুন, রণক্ষেত্র কসবা

সাতসকালে খাস কলকাতায় হাড়হিম করা হত্যাকাণ্ড। পারিবারিক বিবাদের জেরে নাবালিকা মেয়ের চোখের সামনেই স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। রবিবার ভোরে কসবা থানার বোসপুকুর রোড এলাকায় এই নৃশংস ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী বিনোদ সিংকে গ্রেপ্তার করেছে। মৃতার নাম স্বপ্না সিং (৪২)।
পুলিশ সূত্রে খবর, রবিবার ভোর ৪টে নাগাদ বোসপুকুর রোডের ওই বাড়িতে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দম্পতির মধ্যে দীর্ঘক্ষণ ধরে কথা কাটাকাটি চলছিল। ঝগড়া চরম পর্যায়ে পৌঁছালে মেজাজ হারিয়ে বিনোদ সিং একটি ধারালো ছুরি নিয়ে স্ত্রীর ওপর ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ, মেয়ের সামনেই স্বপ্না দেবীকে একের পর এক কোপাতে থাকে সে। রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন ওই মহিলা।
ভোরবেলা কান্নাকাটি ও চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। গুরুতর জখম অবস্থায় স্বপ্না সিংকে উদ্ধার করে দ্রুত কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (CNMC) নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা চেষ্টা করেও শেষরক্ষা করতে পারেননি; হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে সকাল সাড়ে ৬টা নাগাদ কসবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনার মূল সাক্ষী নিহতের কিশোরী কন্যা। পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, তার চোখের সামনেই বাবা মাকে ছুরি দিয়ে আক্রমণ করেছে। মেয়ের এই বয়ান এবং পরিবারের এক সদস্যের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ বিনোদ সিংকে গ্রেপ্তার করে।
বোসপুকুর রোডের মতো জনবহুল এলাকায় এমন মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। দম্পতির মধ্যে আগে থেকেই কোনো অশান্তি ছিল কি না, বা এই খুনের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে লালবাজারের হোমিসাইড শাখা ও স্থানীয় পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Sudeshna Biswas, দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Sudeshna Biswas হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

