Khabor Ekhon
তৃণমূলে সংস্কারের অগ্নিপরীক্ষা: সেনাপতির ‘নতুন স্লেট’ কি সময়ের চেয়ে এগিয়ে?
গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। নীলবাড়ির লড়াইয়ের প্রাক্কালে ঘাসফুল শিবিরের প্রার্থিতালিকায় এবার যে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ দেখা গেল, তাকে রাজনীতির কারবারিরা বলছেন এক দুঃসাহসী ‘কোয়ান্টাম জাম্প’। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত এই তালিকায় স্পষ্ট—পেশাদারিত্ব আর পারফরম্যান্সই এখন শেষ কথা। কিন্তু প্রশ্ন একটাই, সীতার সতীত্ব প্রমাণের মতো সংস্কারের এই কঠিন অগ্নিপরীক্ষায় কি ঠিক সময়ে অবতীর্ণ হল ঘাসফুল? নাকি বড্ড দেরি হয়ে গেল? ৪ মে-র ব্যালট বক্সই দেবে সেই চূড়ান্ত উত্তর।
ছেঁটে ফেলার সাহস ও নজিরবিহীন শুদ্ধিকরণ
দল গঠনের প্রায় তিন দশক এবং শাসকের কুর্সিতে টানা ১৫ বছর থাকার পর, মমতা-অভিষেক জুটি এবার যে সংস্কারধর্ম পালনের সিদ্ধান্ত নিয়েছেন, তা বঙ্গ রাজনীতির ইতিহাসে বিরল। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের অন্দরমহল থেকে যে তালিকা প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে ৭৪ জন বর্তমান বিধায়ক ব্রাত্য! কেন্দ্র বদল করা হয়েছে ১৫ জনের। আর সবথেকে বড় চমক—১০৩টি সম্পূর্ণ নতুন মুখ।
তৃণমূলে সচরাচর যে ‘ঝড়’ বা বিদ্রোহের আশঙ্কা থাকে, এবার তা দেখা যায়নি। কিছু মান-অভিমান বা চোখের জল থাকলেও, বড় কোনও বিস্ফোরণ ঘটেনি। কারণ, গত কয়েক মাস ধরে গুঞ্জন ছিল যে তালিকা আরও কঠোর হবে। ভারসাম্যের খাতিরে অনেক প্রবীণ নেতা শেষ মুহূর্তে ‘গোললাইন সেভ’ করতে পারলেও, সামগ্রিক তালিকায় ‘সেনাপতি’ অভিষেকের ছাপ সুষ্পষ্ট।
টলিউড বিচ্ছেদ ও পারফরম্যান্সের মাপকাঠি
তালিকায় সবচেয়ে বড় চমক গ্ল্যামার জগত থেকে সচেতন দূরত্ব তৈরি করা। কাঞ্চন মল্লিক বা চিরঞ্জিতের মতো চেনা মুখেরা বাদ পড়েছেন। অভিষেকের দর্শনে স্পষ্ট—রাজনীতি এখন ২৪ ঘণ্টার পূর্ণসময়ের কাজ, নিছক ‘প্যাশন’ বা ‘পার্ট-টাইম’ গ্ল্যামার নয়। যাঁরা গত পাঁচ বছরে এলাকার কাজে বা ‘কো-কারিকুলার অ্যাক্টিভিটিজ’-এ বিতর্কে জড়িয়েছেন, তাঁদের প্রতি দলের বার্তা অত্যন্ত কঠোর। রাজ চক্রবর্তী বা লাভলি মৈত্রদের মতো কিছু নাম টিকে গেলেও, টলিউডের নতুন কোনও এন্ট্রি এবার নেই।
তবে দুর্নীতির ছায়া পুরোপুরি কাটানো গিয়েছে কি? নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তরা বাদ পড়লেও, রেশন দুর্নীতিতে দীর্ঘ জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিকের হাবড়া থেকে পুনরায় প্রার্থী হওয়া নিয়ে বিস্ময় দানা বেঁধেছে। একইসঙ্গে নির্মল মাজি বা মদন মিত্রদের কেন্দ্র বদল করে একপ্রকার ‘নিজে জিতে এসো’ চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে।
সেই ঐতিহাসিক ১৮ মিনিট ৫২ সেকেন্ড
সংবাদ সম্মেলনে ১৮ মিনিট ৫২ সেকেন্ডের মাথায় মমতার সেই আহ্বান— “তুই একটু পড় না!” এবং অভিষেকের হাতে তালিকার ব্যাটন তুলে দেওয়া কেবল একটি দৃশ্য নয়, একটি রাজনৈতিক ‘সন্ধিক্ষণ’। হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে যেন এক নতুন যুগের সূচনা হল, যেখানে নেত্রী অভিভাবক আর সেনাপতি রণকৌশলের কারিগর। ‘নতুন তৃণমূল’ যেন সেদিনই স্টার্টিং ব্লক থেকে দৌড় শুরু করল।
প্রার্থী তালিকার মূল তিনটি স্তম্ভ:
যোগ্যতা: ১ থেকে ১০ নম্বর মাপকাঠি হল গত পাঁচ বছরের ‘পারফরম্যান্স’।
স্বচ্ছতা: নিয়োগ বা রেশন দুর্নীতির কালিমা ঝেড়ে ফেলে স্লেট পরিষ্কার করার মরিয়া চেষ্টা।
এক ব্যক্তি এক পদ: সাংগঠনিক সংস্কারের প্রতিফলন ঘটিয়ে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নিশ্চিত করা।
কঠিন চ্যালেঞ্জ ও সময়ের প্রশ্ন
২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূল ২৯টি আসন পেলেও শহর ও মফস্বলের শিক্ষিত ভোটব্যাঙ্কে ফাটল দেখা গিয়েছিল। আরজি কর পরবর্তী নাগরিক আন্দোলন এবং ১৫ বছরের প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার মধ্যে এই ১০৩ জন তরুণ তুর্কি কতটা ঢাল হতে পারবেন, তা নিয়ে সংশয় থেকেই যায়। সংস্কার মানতে না চাওয়া বাঙালির রাজনৈতিক ডিএনএ-তে এই বদল কি সাদরে গৃহীত হবে? না কি দলীয় পরিচয়ের ‘গাদ’ ব্যক্তিস্বচ্ছতাকে ছাপিয়ে যাবে?
অভিষেকের ক্যামাক স্ট্রিটের দফতরে সমস্ত ঘড়ি চলে ১০ মিনিট এগিয়ে। সময়ের চেয়ে এগিয়ে থাকার সেই লড়াই কি নির্বাচনী ময়দানেও প্রতিফলিত হবে? নাকি প্রতিষ্ঠান বিরোধিতার পাহাড় প্রমাণ বোঝার সামনে এই সংস্কার বড্ড দেরিতে নেওয়া পদক্ষেপ? ৪ মে-র ফলাফলই বলবে, তৃণমূল কি সাফল্যের ‘ফিনিশিং পয়েন্টে’ পৌঁছাতে পারল, নাকি সংস্কারের এই চাকা ঘুরতে ঘুরতেই সময় ফুরিয়ে গেল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

