Khabor Ekhon
কট্টরপন্থীদের আপত্তি, প্রত্যাহার ‘ক্ষমা’ মন্তব্য প্রত্যাঘাত চলবেই, সাফ জানালেন ইরানের প্রেসিডেন্ট

উপসাগরীয় দেশগুলোতে হামলার জন্য ক্ষমা চেয়ে ঘোর বিপাকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজশকিয়ান। ইরানের রেভোলিউশনারি গার্ড এবং কট্টরপন্থীরা তো বটেই, মাসুদের উপরে হাড়ে চটেছেন প্রশাসনিক কর্তারা। কট্টরপন্থী ধর্মগুরু সাংসদ হামিদ রসাই এক্স হ্যান্ডেলে প্রেসিডেন্টের নিন্দা করে সরাসরি জানিয়ে দিয়েছেন, পেজশকিয়ানের এই মন্তব্যকে ইরান স্বীকার করবে না। ইরানের অস্থায়ী প্রশাসনের অন্যতম কর্তা মোহসিনী এজেই হুঁশিয়ারি দিয়েছেন, যেহেতু ইরানে হামলা চালানোর জন্য উপসাগরীয় দেশগুলোকে ব্যবহার করা হচ্ছে , তাই ইরানের প্রত্যাঘাত চলবেই। ইরান জানিয়ে দিয়েছে ৬ মাস ধরে জোরদার যুদ্ধের রসদ প্রস্তুত আছে তাদের। দেশের মধ্যেই ব্যাপক চাপে পড়ে গিয়ে অবস্থা বেগতিক বুঝেই নিজের শনিবারের বিবৃতি থেকে ‘ক্ষমা’ শব্দটি বাদ দিয়ে দিয়ে সমাজমাধ্যমে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, ইরানের উপরে হামলা হলে চুপ করে থাকব না। প্রত্যাঘাত হবেই। এরপরেই ইরান রেভলিউশনারি গার্ড রীতিমতো বিবৃতি দিয়ে দাবি করে , আবু ধাবিতে আমেরিকার আলধাফরা সেনাঘাঁটিতে আক্রমণ চালিয়েছে তারা। আক্রমণ চালিয়েছে দুবাইতেও। বাহারিন এবং দোহাতেও অব্যহত হামলা। ইজরায়েলও পাল্টা হুমকি দিয়েছে, অনেক চমক বাকি আছে এখনও। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দক্ষিণ ইরানে মেয়েদের স্কুলে হামলা চালানোর ঘটনায় দায়ী করেছেন ইরানকেই।
লক্ষণীয়, প্রতিবেশী দেশগুলোর কাছে শনিবার ইরানের প্রেসিডেন্ট ক্ষমা চাওয়ার পরেই ট্রাম্প দাবি করেন, আত্মসমর্পণ করেছে ইরান। কিন্তু নিজের দেশেই ব্যাপক বিরোধিতার চাপে ইরানের প্রেসিডেন্ট সাফ জানিয়ে দেন, আত্মসমর্পণের কোনও প্রশ্নই নেই। ইজরায়েলের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে হামলার ঝাঁঝ আরও বাড়িয়ে দিয়েছে ইরান। অন্যদিকে সৌদি আরবও ইরানকে কড়া ভাষায় সমঝে দিয়েছে, ইরান তাদের উপরে একতরফা আক্রমণ চালিয়ে গেলে পাল্টা আঘাত হানা হবে তেহরানেও।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Sudeshna Biswas, দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Sudeshna Biswas হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

