Khabor Ekhon
নারীদিবসে প্রতিবাদের মেজাজ মুখ্যমন্ত্রীর, নিশানায় কেন্দ্র

আজ আন্তর্জাতিক নারীদিবস। আর এই বিশেষ দিনেই একদিকে নারীশক্তির জয়গান এবং অন্যদিকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেশবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেন্দ্রের মোদি সরকারকে বিঁধে তিনি লেখেন, “আমরা সবসময় চেষ্টা করি সর্বস্তরের মানুষের পাশে থাকতে, আর কেন্দ্র সরকারের কাজ শুধু মানুষকে হয়রানি করা।”
মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে ভারতের বাজারে গার্হস্থ্য ও বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। এই মূল্যবৃদ্ধির আঁচ সরাসরি সাধারণ মানুষের হেঁসেলে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এর প্রতিবাদে আজ কলকাতায় এক বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ বাংলার মেয়েরা রাজপথে নামবেন এবং তাঁদের পরনে থাকবে প্রতিবাদের প্রতীক কালো শাড়ি। সাধারণ মানুষের প্রশ্ন, রান্নার গ্যাসের পর কি এবার পেট্রোল-ডিজেলের দামও আকাশছোঁয়া হবে?
এদিনের বার্তায় মুখ্যমন্ত্রী স্মরণ করেছেন বাংলার মহীয়সী নারী ও স্বাধীনতা সংগ্রামীদের। তিনি আবেগের সঙ্গে লেখেন,
“আমি কুর্নিশ জানাই এই বাংলার মাটিকে – এ মাটি প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত, বীণা দাশ, সুনীতি চৌধুরী ও মাদার টেরিজার মাটি।”
রাজ্য সরকারের নারী কল্যাণমূলক প্রকল্পগুলির খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, বাংলার নারীশক্তির আর্থিক স্বনির্ভরতার প্রশ্নে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ এখন মাইলফলক। বর্তমানে এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪১ লক্ষ। ভাতার পরিমাণ ৫০০ টাকা বৃদ্ধি পাওয়ায় এখন তফশিলী জাতি ও আদিবাসী পরিবারের মহিলারা মাসে ১৭০০ টাকা এবং অন্যান্যরা ১৫০০ টাকা করে পাচ্ছেন।
মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় আরও বেশ কিছু উল্লেখযোগ্য পরিসংখ্যান তুলে ধরেছেন–
কন্যাশ্রী: ১ কোটি ছাত্রী এই প্রকল্পের আওতায়, যা আজ ইউনেস্কোর দরবারে বিশ্বজয়ী।
স্বাস্থ্যসাথী: ২ কোটি ৪২ লক্ষ মহিলা স্মার্টকার্ড পেয়েছেন, যা পরিবারের প্রধান মহিলা সদস্যের নামেই ইস্যু করা হয়।
রূপশ্রী: প্রায় ২৩ লক্ষ মহিলাকে বিবাহের জন্য এককালীন ২৫,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
সবুজসাথী: ১ কোটি ৪৮ লক্ষ সাইকেলের মধ্যে প্রায় ৭৯ লক্ষ সাইকেল পেয়েছেন ছাত্রীরা।
নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য সরকারের কঠোর অবস্থানের কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী ‘অপরাজিতা বিল’-এর প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি জানান, ২০১১ সালের আগে রাজ্যে কোনও মহিলা থানা ছিল না, বর্তমানে রাজ্যে ৪৯টি মহিলা থানা এবং দ্রুত বিচার প্রক্রিয়ার জন্য ৫২টি ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হয়েছে।
আজকের এই মহামিছিল থেকে মুখ্যমন্ত্রী কেন্দ্রকে কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Sudeshna Biswas, দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Sudeshna Biswas হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

