Khabor Ekhon
ধমনীতে লাল-হলুদ রক্ত, নিজেই সংগ্রামের কাহিনি লিখলেন ইস্টবেঙ্গলের ইতিহাসবিদ পারিজাত

এককথায় তাঁকে ইস্টবেঙ্গলের ইতিহাসবিদ বললে অত্যুক্তি করা হবে না। তিনি লাল হলুদের চলমান বিশ্বকোষ।
পারিজাত মৈত্র। শ্যামনগরের বাসিন্দা এই মানুষটির সঙ্গে গত দশবছর আগেও কলকাতা ময়দানের আত্মিক কোনও সম্পর্ক ছিল না। থাকতেন মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। সেখানে একটি কর্পোরেট কোম্পানিতে কাজ করতেন। ভালই চলছিল ঠিকঠাক। কিন্তু করোনা কালের আগে থেকেই সেই কোম্পানিতে সমস্যা হতে থাকল। পারিজাত আরও ভাল থাকবেন এই আশায় একটি ব্যবসা করার পরিকল্পনা নেন। দুই তিনমাস সেই ব্যবসা থেকে ভাল আয় হওয়ার দরুণ নিজের যাবতীয় সঞ্চিত অর্থ বিনিয়োগ করে বসেন। ব্যস, সেটাই তাঁর জীবনের সবচেয়ে বড় কালো অধ্যায় হিসেবে পরিগণিত হল। তিনি হতাশায় সংসার চালানোর তাগিদে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। কেউ তখন কাজ দেওয়ার আশা দেখিয়ে নিরাশ করা শুরু করলেন। এদিকে পরিবারের অবস্থা শোচনীয়।
একটা সময় কেতাবি লাইফস্টাইলে বড় হওয়া মানুষটি বাস্তবের মাটিতে এসে দাঁড়ালেন। ওমানে থাকতেই ইস্টবেঙ্গলের নানা ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়েছিল। সেই ইচ্ছে আরও দানা বাঁধল কলকাতায় আসার পরে। সারাদিন কাজের নেশায় ঘুরতে ঘুরতে ইস্টবেঙ্গলের ইতিহাস জানার চেষ্টা শুরু করলেন। পকেটে পয়সা নেই, কিন্তু সারাদিন ধরে লাল হলুদের স্বাধীনতা পূর্ব যে ফুটবলাররা ছিলেন, তাঁদের বাড়িতে গিয়ে সাক্ষাৎকার নেওয়া শুরু করলেন। পারিজাতের ধমনিতে এমনিতেই বইছে লাল হলুদ রক্ত। তাই সেই ভালবাসা থেকে নিজের তথ্যভাণ্ডার মজুত করতে থাকলেন।
ইতিমধ্যে ইস্টবেঙ্গলের শতবর্ষ উদযাপন উপলক্ষে নানা প্রস্তুতি শুরু হয়েছে ক্লাবে। একদিন সটান বিকেলে ক্লাব তাঁবুতে এসে দেখা করলেন কর্তা ব্যক্তিদের সঙ্গে। কার্যকরী কমিটির অন্যতম সদস্য দেবব্রত সরকারের ( নিতু দা) সঙ্গে কথা বলে জানালেন তাঁর হাতে তথ্যের কী মনিমুক্তো আছে। ওই কর্তা শুনে একেবারে অবাক। তাঁরও জানার বাইরে ছিল এইসব ঘটনা। তিনি শুনে একদিন ক্লাবে আবার আসতে বললেন। পারিজাতের জীবনের গল্প মোড় নিতে শুরু করল। তাঁকে সসম্মানে ক্লাবে তথ্যবিদ হিসেবে নিয়োগ করা হল। প্রথমে ভালবেসে কাজ করছিলেন। পরিবারে সেই অভাব অনটন। কিন্তু ক্লাবের জন্য কাজ করবেন টাকার বিনিময়ে সেটা মন থেকে নিতে পারছিলেন না। তারপর একদিন সহৃদয় এক কর্তার উদ্যেগে বেতন ঠিক হল। ইস্টবেঙ্গল ক্লাবে অবশ্য কাজে স্থিরতা দিয়েছেন দেবব্রত সরকারই।
নতুন জীবনের গল্প লিখতে শুরু করলেন এই ইস্টবেঙ্গল অন্তপ্রাণ মানুষটি। বর্তমানে পারিজাত মানেই ইস্টবেঙ্গলের সব তথ্যের মুশকিল আসান। তিনি ইতিমধ্যেই ১৯২০ সাল ক্লাবের জন্মলগ্ন থেকে এখনও পর্যন্ত সব ইতিহাস লিপিবদ্ধ করার কাজ প্রায় শেষ করে এনেছেন। ক্লাবের সর্বোচ্চ গোলদাতা, কে বেশি ইস্টবেঙ্গলের নেতৃত্ব দিয়েছেন। কারা জন্ম থেকে সচিব হয়েছেন। লাল হলুদের কারা ভারতীয় দলের জার্সিতে খেলেছেন, সব রয়েছে ক্লাবের বর্তমান সংগ্রহশালায়। তিনি এই মুহূর্তে কাজ করছেন ইস্টবেঙ্গলের বাড়ি নিয়ে, সেটি ক্লাবের আসন্ন বাংলা নববর্ষে একটা চমক অপেক্ষা করছে।
ইস্টবেঙ্গল ক্লাবের গ্রন্থাগার ও সংগ্রহশালার সঙ্গে শুরু থেকেই জুড়ে রয়েছেন পারিজাত। তাঁর উদ্যেগে এগুলো আরও সমৃদ্ধ হয়েছে। সেখানে পড়াশুনো করে বহু শিক্ষার্থী ইস্টবেঙ্গল নিয়ে গবেষণার কাজ করেছেন, করছেনও। পারিজাত নিজের হাতে সেই গ্রন্থাগার এবং সংগ্রহশালাকে সমৃদ্ধ করার কাজ করে চলেছেন। দুষ্প্রাপ্য সামগ্রী সংগ্রহ করে ক্লাবের আর্কাইভ গড়েছেন।
এখন আর আগের ঘটনার কোনও আক্ষেপ নেই, বরং নিজের কাজের প্রতি প্যাশন এবং ক্লাবের প্রতি তাঁর অকৃত্রিম ভালবাসা তাঁকে ময়দানে স্বতন্ত্র জায়গা করে দিয়েছে। সেলাম পারিজাত আপনার এই অসামান্য কাজের জন্য।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

