Khabor Ekhon
তফসিলির সংলাপে অভিষেকের নিশানা ডবল ইঞ্জিনে

আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস জনসংযোগের নতুন কৌশল নিয়ে ময়দানে নেমেছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সোমবার শুরু হয়েছে ‘তফসিলির সংলাপ’ কর্মসূচি। দলের এসসি, এসটি ও ওবিসি সেলের নেতৃত্বকে নিয়ে আয়োজিত এই সম্মেলনে অভিষেক সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ২০২৩ সালের এনসিআরবি রিপোর্টের পরিসংখ্যান তুলে ধরে বিজেপি শাসিত ‘ডবল ইঞ্জিন’ সরকারগুলির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান।
অভিষেকের কথায়, তফসিলি জাতির (এসসি) ওপর অত্যাচারের ঘটনায় দেশে শীর্ষে উত্তরপ্রদেশ—১৫,১৩০টি মামলা। দ্বিতীয় স্থানে রাজস্থান (৮,৪৪৯) এবং তৃতীয় মধ্যপ্রদেশ (৮,২৩২)। তিনি কটাক্ষ করে বলেন, “তফসিলি জাতির ওপর নির্যাতনে গোল্ড মেডেল উত্তরপ্রদেশ, সিলভার রাজস্থান আর ব্রোঞ্জ মধ্যপ্রদেশ পেয়েছে। আশ্চর্যের বিষয়, এই তিন রাজ্যেই ডবল ইঞ্জিন সরকার চলছে!”
আদিবাসীদের (এসটি) ক্ষেত্রেও একই চিত্র। মণিপুরে সবচেয়ে বেশি অত্যাচারের ঘটনা—৩,৩৯৯টি। তারপর মধ্যপ্রদেশ ও রাজস্থান। অভিষেকের দাবি, এসব রাজ্যে কেন্দ্র-রাজ্য একই দলের শাসন থাকা সত্ত্বেও দলিত-আদিবাসীদের নিরাপত্তা দেওয়া যায়নি। তিনি বলেন, “ডবল ইঞ্জিনের উন্নয়নের মিথ্যে প্রতিশ্রুতি ফাঁস হয়ে গেছে এই পরিসংখ্যানে।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি মন্তব্যেরও তীব্র সমালোচনা করেন অভিষেক। তিনি বলেন, শাহ বলেছেন এখন আম্বেদকরের নাম জপ করা ফ্যাশন হয়ে গেছে। কিন্তু তাঁর নিজের মন্ত্রকের তথ্যই প্রমাণ করে দলিত-আদিবাসীদের নিরাপত্তা কতটা তলানিতে।
এর বিপরীতে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের সাফল্য তুলে ধরেন অভিষেক। তিনি জানান, রাজ্যে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের মাধ্যমে তফসিলি জাতি ও উপজাতির মহিলারা মাসে ১০০০-১২০০ টাকা পাচ্ছেন, যা সম্প্রতি বাড়িয়ে ১৭০০ টাকা পর্যন্ত করা হয়েছে। এই প্রকল্প দলিত-আদিবাসী নারীদের সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা দিয়েছে বলে দাবি করেন তিনি।
‘তফসিলির সংলাপ’ কর্মসূচিকে ‘দিদির সুরক্ষা কবচ’ বা ‘তৃণমূলে নবজোয়ার’-এর মতোই জনসংযোগের শক্তিশালী মডেল হিসেবে দেখা হচ্ছে। জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করে নিবিড় যোগাযোগ গড়ে তোলা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে এই কর্মসূচিগুলি দলের প্রার্থী বাছাইয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
তৃণমূলের এই উদ্যোগ ২০২৬-এর ভোটে তফসিলি ও আদিবাসী ভোটকে আরও শক্তিশালী করার কৌশল বলে মনে করা হচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

