AB Live News
বিতর্কিত এসআইআর প্রক্রিয়ার আজ ‘অসমাপ্ত’ চূড়ান্ত তালিকা প্রকাশে বিলম্ব
আজ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। দুপুর ২টায় অনলাইনে আনুষ্ঠানিক প্রকাশের কথা থাকলেও জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট https://voters.eci.gov.in/ এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সাইট https://ceowestbengal.wb.gov.in/ দুপুর ১টা থেকেই ‘বন্ধ’ হয়ে গিয়েছে। কমিশনের মোবাইল অ্যাপ ইসিআইনেটও কাজ করছে না—এপিক নম্বর দিলে শুধু ‘লোডিং চাকা’ ঘুরছে।
প্রায় ৪ মাস ধরে চলা এই বিতর্কিত এসআইআর প্রক্রিয়ার পর আজ ‘অসমাপ্ত’ চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা। কমিশন সূত্রে জানা গিয়েছে, অনলাইন প্রকাশের পরও অফলাইনে বুথ লেভেল এবং জেলাশাসকের দফতরে ধাপে ধাপে তালিকা টাঙানো হচ্ছে। ভোটাররা ভিড় করছেন সাইটে নাম দেখার জন্য, কিন্তু প্রযুক্তিগত সমস্যায় বিপাকে পড়েছেন।
এসআইআর-এর আগে রাজ্যে মোট ভোটার ছিল প্রায় ৭ কোটি ৬৬ লক্ষ। খসড়া তালিকায় (১৬ ডিসেম্বর ২০২৫ প্রকাশিত) নাম এসেছিল ৭ কোটি ৮ লক্ষের। চূড়ান্ত তালিকাতেও এই ৭.০৮ কোটি নাম থাকবে, তবে অনেকের পাশে লেখা থাকবে ‘বিচারাধীন’ (আন্ডার অ্যাডজুডিকেশন) বা ‘বাদ’ (ডিলিটেড)। যাদের তথ্য যাচাই এখনও অসম্পূর্ণ, তাদের ‘বিচারাধীন’ চিহ্নিত করা হয়েছে—যাচাই শেষ হলে পরবর্তীতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে।
কমিশন সূত্র অনুযায়ী, প্রায় ৬০ লক্ষের বেশি নাম ‘বিচারাধীন’ এবং প্রায় ৬ লক্ষ নাম সরাসরি ‘বাদ’ দেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় বাদ পড়া নামের সংখ্যা নিয়ে নজর রয়েছে সকলের।
বাঁকুড়া জেলায় এসআইআর চূড়ান্ত তালিকা জেলাশাসকের হাতে পৌঁছে গিয়েছে এবং বুথে বুথে টাঙানো শুরু হয়েছে। কমিশন সূত্রে খবর, বাঁকুড়ায় মোট ১ লক্ষ ৩৫ হাজারের কাছাকাছি নাম বাদ পড়েছে (খসড়া থেকে প্রায় ১.৩২ লক্ষ বাদের পর শুনানিতে আরও কিছু যোগ হয়েছে)। অন্যান্য জেলাতেও ধীরে ধীরে এই তথ্য প্রকাশ পাচ্ছে।
২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এই তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাররা অনলাইন সাইট না খোলায় স্থানীয় বুথ, এইআরও /এসডিও/ বিডিও অফিস বা জেলাশাসকের দফতরে গিয়ে হার্ড কপি দেখার চেষ্টা করছেন। কমিশন জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যা সমাধানের চেষ্টা চলছে এবং তালিকা শীঘ্রই অনলাইনে উপলব্ধ হবে।
যদি আপনার নাম বাদ পড়ে থাকে বা ‘বিচারাধীন’ থাকে, তাহলে স্থানীয় নির্বাচনী অফিসে যোগাযোগ করুন বা পরবর্তী সাপ্লিমেন্টারি তালিকার অপেক্ষা করুন।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

