AB Live News
রাজ্যজুড়ে ফের বোমা আতঙ্ক ‘পবিত্র শুক্রবারই আসল জিহাদ’ — হুমকি মেলে চাঞ্চল্য

রাজ্যের একাধিক জেলায় গত কয়েকদিন ধরে চলা হুমকি মেলের ধারা অব্যাহত। শুক্রবার সকালে হাওড়া মেন পোস্ট অফিস, আসানসোল, বাঁকুড়া, কাটোয়া-সহ বিভিন্ন এলাকার প্রধান ডাকঘরগুলিতে একযোগে পৌঁছে যায় ভয়াবহ হুমকি ই-মেল। মেলে স্পষ্ট করে লেখা হয়েছে— “পবিত্র শুক্রবারই আসল জিহাদ”। এছাড়া দাবি করা হয়েছে, পোস্ট অফিসের ভিতরে আরডিএক্স ও সায়ানাইডের মিশ্রণে তৈরি এক ভয়ঙ্কর বিস্ফোরক ডিভাইস প্ল্যান্ট করা রয়েছে। ঘড়ির কাঁটায় ঠিক দুপুর ১২টা ১০ মিনিটে বিস্ফোরণ ঘটবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাই সকাল ১১টার মধ্যে সমস্ত অফিস ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়েছে মেলে।
হুমকি পাওয়ামাত্রই হাওড়া মেন পোস্ট অফিসে তড়িঘড়ি কর্মী ও সাধারণ মানুষদের বাইরে বার করে দেওয়া হয়। এলাকা কর্ডন করে বম্ব স্কোয়াড, পুলিশ, পুলিশ কুকুর নিয়ে তল্লাশি অভিযান শুরু হয়। একইভাবে আসানসোল, বাঁকুড়া ও কাটোয়ার ডাকঘরগুলিতেও যুদ্ধকালীন তৎপরতায় অফিস খালি করে দেওয়া হয়। বম্ব ডিসপোজাল স্কোয়াডের টিম ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তল্লাশি চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত কোনও ডাকঘরেই কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু মেলেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই হুমকিগুলি সম্ভবত ভুয়ো এবং উদ্দেশ্যমূলকভাবে পাঠানো হচ্ছে জনমনে আতঙ্ক ছড়ানোর জন্য।
গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলার পোস্ট অফিস, আদালত, এমনকি পাসপোর্ট সেবা কেন্দ্রগুলিতেও একই ধরনের হুমকি মেল আসছে।
মেলগুলিতে প্রায় একই কথা— আরডিএক্স-সায়ানাইড মিশ্রিত বোমা রাখা আছে, নির্দিষ্ট সময়ে বিস্ফোরণ হবে।
প্রতিবারই অফিস ফাঁকা করে বম্ব স্কোয়াড ডেকে তল্লাশি করা হচ্ছে, কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না।
বৃহস্পতিবারও কলকাতা-সহ একাধিক পাসপোর্ট সেবা কেন্দ্র ও ডাকঘরে একই ধরনের হুমকি এসেছিল।
তদন্তকারীদের প্রশ্ন, এই পরপর হুমকি মেলের পিছনে কে বা কারা? কোনও বড়সড় নাশকতার ছক কষে কি পরিকল্পিতভাবে ভুয়ো হুমকি পাঠিয়ে প্রশাসন ও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে? না কি এটি কোনও ব্যক্তি বা গোষ্ঠীর কাজ? সাইবার ক্রাইম বিভাগ ও স্পেশাল টাস্ক ফোর্স ই-মেলের উৎস খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে যেকোনও সন্দেহজনক ঘটনা দেখলে তাৎক্ষণিক পুলিশকে জানানোর আবেদন জানানো হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

