Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মহিলা ভোট ধরে রাখতে তৃণমূলের নয়া কর্মসূচি ‘বসন্ত আজ বঙ্গে, মহিলাদের সঙ্গে’

0 18,971,265

আর হাতে গোনা কিছুদিন। তারপরই বঙ্গে বিধানসভা ভোট। ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে নানারকম প্রস্তুতি শুরু করে দিয়েছেন রাজ্যের শাসক দল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিও। তবে অন্যবারের মতো এবারের নির্বাচনেও মহিলা ভোটারের উপরে বিশেষ নজর দিতে চলেছে ঘাসফুল শিবির। সেই উদ্দেশ্যে তৃণমূলের মহিলা সংগঠন জোরদার প্রচার পর্ব শুরু করতে চলেছে। দোলযাত্রা থেকেই প্রতিটি বুথ থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের কাজ শুরু হবে বলে খবর। আর এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘বসন্ত আজ বঙ্গে, মহিলাদের সঙ্গে’। রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলাদের সুবিধার্থে যে যে প্রকল্পগুলি নির্মাণ করা হয়েছে সেগুলিকে আরও একবার প্রচারের ক্ষেত্রে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে শাসকদল। এই প্রকল্পের অধীনে লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু থেকে যুবসাথী-সহ আরও অন্যান্য প্রকল্প নিয়ে প্রচার চালানো হবে।

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের উদ্যোগে ‘লক্ষ ঘরে লক্ষ্মীরা’ কর্মসূচি হবে। ওইদিন হবে পদযাত্রা। ‘ন্যায়-সম্মান, শান্তি, আশা, মহিলা ক্ষমতায়নে দিদি-ই ভরসা’ এই ধারণাকে সামনে রেখে চলবে প্রচারাভিযান। এর সঙ্গে রয়েছে বাছাই করা দশটি ইস্যু। যে সকল সামাজিক প্রকল্পে নারীদের অগ্রাধিকার রয়েছে সেগুলি নিয়েও প্রচার চলবে। এই প্রচারের জন্য বিশেষভাবে স্লোগান তৈরি করা হয়েছে। পাশাপাশি মহিলা কৃষকদের কাছে পৌঁছানোরও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ‘গোবিন্দভোগ, তুলাইপাঞ্জী, কনকচূড় পেয়েছে বিশ্বস্বীকৃতি, মহিলা কৃষকরা কৃতজ্ঞ, দিদির প্রতি।’ এই স্লোগানেই চলবে গ্রামে গ্রামে প্রচার। সার-এর কারণে যেসব ব্যক্তির মৃত্যু হয়েছে তাঁদের স্মৃতিতে জেলায় জেলায় রক্তদান শিবির অনুষ্ঠিত হবে।

বিহার বিধানসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করতে গিয়ে স্পষ্ট হয়েছে, নীতীশ কুমার সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান-বিরোধিতার সুর ঠেকাতে মহিলা ভোটারদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু যে প্রতিবেশী এই রাজ্যে মহিলাদের ভোটদানের হার উল্লেখযোগ্য ছিল তা-ই নয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সেই সক্রিয় অংশগ্রহণের ফলেই ভারতীয় জনতা পার্টি-নীতীশ কুমার জোট অনেকটাই এগিয়ে যেতে পেরেছে। এই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। দলের এক শীর্ষ নেতার দাবি, বিহারের ভোটে একটি স্পষ্ট বার্তা রয়েছে। গত পনেরো বছরে এ রাজ্যে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি মহিলাদের হাতে পৌঁছে দেওয়ার ফলে মহিলা ভোটারদের বড় অংশের আস্থা অর্জন করতে পেরেছে তৃণমূল। ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে যে সমর্থনের ধারা তৈরি হয়েছিল, সেটি অটুট রাখাই এখন প্রধান লক্ষ্য।

পরিসংখ্যানও সেই ছবিই তুলে ধরছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল ৪৮ শতাংশের বেশি। যদিও তিন বছর পর লোকসভা নির্বাচনে সেই হার প্রায় দুই শতাংশ কমেছে। অন্যদিকে প্রধান বিরোধী শক্তি বিজেপি ২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা দুই নির্বাচনে সামান্য হলেও নিজেদের ভোট বাড়াতে সক্ষম হয়েছে। দলীয় সমীক্ষা অনুযায়ী, তৃণমূলের পক্ষে পুরুষদের তুলনায় মহিলাদের সমর্থন প্রায় তিন শতাংশ বেশি। বিপরীতে বিজেপির ক্ষেত্রে মহিলা সমর্থন পুরুষদের তুলনায় দু’শতাংশ কম। অর্থাৎ মহিলা ভোট এখনও তৃণমূলের শক্ত ঘাঁটি। সেই সমর্থন অটুট রাখাই আগামী নির্বাচনী কৌশলের কেন্দ্রে রাখতে চাইছে ঘাসফুল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper