Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

নদিয়ায় ফের রহস্যমৃত্যু! কল্যাণী জেএনএম হস্টেলে ফাইনাল ইয়ারের ছাত্রের পচাগলা দেহ উদ্ধার

0 87,666

নদিয়া জেলার কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল (জেএনএম) হাসপাতাল ও মেডিক্যাল কলেজের হস্টেলে ভয়াবহ ঘটনা। বৃহস্পতিবার দুপুরে হস্টেলের একটি বন্ধ ঘর থেকে উদ্ধার হয়েছে এমবিবিএস ফাইনাল ইয়ারের ছাত্র পুলক হালদার (২৪)-এর পচনধরা মৃতদেহ। ঘর থেকে তীব্র পচা গন্ধ বের হওয়ায় ছাত্ররা সতর্ক হয়ে কর্তৃপক্ষকে খবর দেন। এরপর পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ দরজা ভেঙে ভিতরে ঢুকে বিছানায় পড়ে থাকা অবস্থায় দেহটি দেখতে পান।

পুলক হালদার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার অন্তর্গত ধামুয়া এলাকার বাসিন্দা। তিনি কল্যাণী জেএনএম মেডিক্যাল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র ছিলেন। জানা গিয়েছে, গত ২০ ফেব্রুয়ারি হস্টেলের ক্যান্টিনে খেতে গিয়েছিলেন পুলক। তারপর থেকে আর কেউ তাঁকে দেখেনি। ক্যান্টিনেও যাননি, ক্লাস বা অন্য কোথাও দেখা যায়নি। প্রায় চারদিন ধরে ঘর বন্ধ ছিল। হস্টেলের অন্য ছাত্ররা জানিয়েছেন, পুলক একাই থাকতেন ওই ঘরে।

বৃহস্পতিবার দুপুরে ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হলে ছাত্ররা হাসপাতাল কর্তৃপক্ষ ও কল্যাণী থানার পুলিশকে খবর দেন। পুলিশ দরজা ভেঙে ঢুকে মৃত অবস্থায় পুলককে দেখতে পায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের ডাক্তার মনিদীপ পাল জানান, “দুপুর দুটো-আড়াইটে নাগাদ বিষয়টি জানতে পারি। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। ঘর খোলা হলে দেহ উদ্ধার করা হয়।”

পুলকের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। হস্টেলের অন্যান্য আবাসিকদের সঙ্গে কথা বলা হচ্ছে। সামনের মাসের ৫ তারিখ থেকে ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা। পরীক্ষার চাপ, মানসিক অবসাদ, সম্পর্কের জটিলতা নাকি অন্য কোনও কারণ—এসব নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

এর আগেও রাজ্যে একাধিক মেডিক্যাল ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সম্প্রতি দুর্গাপুরের এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রের দেহ উদ্ধার হয়েছিল। এবার সরকারি প্রতিষ্ঠানে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁরা ঘটনাস্থলে পৌঁছনোর অপেক্ষায়।

পুলিশের প্রাথমিক তদন্তে আত্মহত্যা বা অন্য কোনও অপ্রাকৃতিক কারণের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে সকলে। এই ঘটনায় মেডিক্যাল ছাত্রদের মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper