Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

২৬-এর লক্ষ্যে ঘাসফুলের বড় রদবদল কলকাতায় তৃণমূলের সম্ভাব্য তালিকায় নবীন-প্রবীণ মেলবন্ধন

0 874,293

চতুর্থবার নবান্ন দখলের লড়াইয়ে কোনও ফাঁক রাখতে চাইছে না তৃণমূল কংগ্রেস। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে এখনও দেরি থাকলেও, প্রার্থী তালিকা নিয়ে অন্দরে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে। তৃণমূল সূত্রের খবর, এবারের তালিকায় একদিকে যেমন অভিজ্ঞ বিধায়কদের ওপর ভরসা রাখা হচ্ছে, তেমনই জায়গা করে দেওয়া হচ্ছে নতুন প্রজন্মকেও। বিশেষ করে কলকাতার আসনগুলিতে একাধিক রদবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বেহালা ও মহেশতলা: রত্না না শোভন, কার পাল্লা ভারী?

শোভনচট্টোপাধ্যায়ের ঘরওয়াপসির পর থেকেই প্রশ্ন উঠছিল তাঁর কেন্দ্র বেহালা পূর্ব নিয়ে। তবে বর্তমান বিধায়ক রত্না চট্টোপাধ্যায় যে কাজ করেছেন, তাতে দল তাঁর ওপরই পুনরায় আস্থা রাখতে পারে। অন্যদিকে, মহেশতলার বিধায়ক তথা রত্নার বাবা দুলাল দাস বয়সের কারণে অব্যাহতি চাইলে রত্নাকে সেখানে সরানোর ভাবনা থাকলেও, বেহালা পূর্বেই তাঁকে রাখার সম্ভাবনা প্রবল। সে ক্ষেত্রে ‘প্রাক্তন মেয়র’ শোভন চট্টোপাধ্যায়কে উত্তর কলকাতার কোনও আসন থেকে প্রার্থী করা হতে পারে।

বেহালা পশ্চিমে ‘গ্ল্যামার’ কার্ড?

পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন কেন্দ্র বেহালা পশ্চিমে এবার বড় চমক দিতে পারে জোড়াফুল শিবির। সূত্রের খবর, এই কেন্দ্রে কোনও পোড়খাওয়া রাজনীতিকের বদলে বিনোদন জগতের কোনও জনপ্রিয় মুখকে সামনে এনে লড়াই করতে চাইছে দল।

উত্তরাধিকার ও নতুন মুখ

উত্তরাধিকারের রাজনীতিতে এবার সিলমোহর পড়তে পারে উত্তর ও মধ্য কলকাতায়।

এন্টালি: বর্ষীয়ান বিধায়ক স্বর্ণকমল সাহা স্বেচ্ছায় সরলে তাঁর আসনে লড়তে পারেন তাঁর পুত্র তথা কাউন্সিলর সন্দীপন সাহা।

জোড়াসাঁকো: জল্পনা তুঙ্গে বর্তমান বিধায়ক বিবেক গুপ্তকে নিয়ে। তাঁর জায়গায় ওই কেন্দ্রেরই এক প্রাক্তন বিধায়কের পুত্রের নাম নিয়ে জোর আলোচনা চলছে।

মানিকতলা: উপনির্বাচনে জয়ের পর সুপ্তি পাণ্ডের ওপরই ভরসা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শোভনদেব ও মদন মিত্রের কেন্দ্র বদল?

উত্তর ২৪ পরগনার রাজনীতিতেও রদবদলের হাওয়া। খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে এবার খাস কলকাতার কোনও আসনে ফিরিয়ে আনা হতে পারে। তাঁর ছেড়ে যাওয়া খড়দহ আসনে এক জনপ্রিয় সাংবাদিকের নাম নিয়ে গুঞ্জন রয়েছে। আবার মদন মিত্রের টিকিট পাওয়া নিশ্চিত হলেও, তিনি কামারহাটিতেই থাকবেন নাকি খড়দহে আসবেন, তা নিয়ে জল্পনা জিইয়ে রেখেছে দল।

তৃণমূল সূত্রের খবর, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবার যে ‘পারফরম্যান্সই’ শেষ কথা বলবে, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper