Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বিচারকদের ছুটি বাতিল, এসআইআর-এর তদারকিতে নজিরবিহীন সিদ্ধান্ত হাইকোর্টের

0 7,653,317

রাজ্যের বিচারব্যবস্থায় অভূতপূর্ব নির্দেশিকা জারি করল কলকাতা হাইকোর্ট। বিশেষ পরিস্থিতিতে এসআইআর-এর কাজের তদারকি করবেন বিচারকরা। আর এই প্রক্রিয়াকে নিশ্ছিদ্র ও ত্রুটিমুক্ত রাখতে রাজ্যের নিম্ন আদালতের সমস্ত বিচারকের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ আদালত। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, অতি গুরুতর অসুস্থতা ছাড়া কোনও জুডিশিয়াল অফিসার এখন ছুটি নিতে পারবেন না। মূলত সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পরই এই কড়া পদক্ষেপ হাইকোর্টের।

এসআইআর-এর শেষ পর্যায়ের কাজের বড় অংশ এখন বিচার বিভাগের কাঁধে। কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্যজুড়ে ২৫০ জন জুডিশিয়াল অফিসারের একটি তালিকা প্রকাশ করেছে হাইকোর্ট। এই তালিকায় NDPS এবং পকসো (POCSO) আদালতের ১০০ জন বিচারক ছাড়াও অন্যান্য মামলার ১৫০ জন বিচারকের নাম রয়েছে। ইতিমধ্যেই হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এই তালিকা কমিশনের কাছে পাঠিয়ে দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, প্রতিটি বিধানসভা ভিত্তিক একজন করে জুডিশিয়াল অফিসার নিয়োগ করা হবে, যাঁরা গোটা প্রক্রিয়ার ওপর কড়া নজরদারি চালাবেন।

শুধুমাত্র বিচারকদের তালিকায় সীমাবদ্ধ না থেকে জেলা স্তরেও সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রতিটি জেলায় জেলা জজ, জেলাশাসক এবং পুলিশ সুপারদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই ত্রয়ীর সমন্বয়েই এসআইআর-এর কাজ সম্পন্ন হবে। নিম্ন আদালতগুলির দৈনন্দিন কাজ যাতে এই প্রক্রিয়ার কারণে ব্যাহত না হয়, তাও নিশ্চিত করতে বলা হয়েছে।

এই পরিস্থিতির প্রেক্ষাপট তৈরি হয়েছিল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্য কান্ত জানিয়েছিলেন, এটি একটি ‘ব্যতিক্রমী নির্দেশ’। বিচারকদের মর্যাদা রক্ষায় তিনি অত্যন্ত কড়া অবস্থান নিয়ে বলেন, “সব বিষয় জুডিশিয়াল অফিসাররা দেখবেন। সরকারি আমলারা তাঁদের কাজে সহযোগিতা করবেন না—এটা আমরা হতে দেব না। কোনওভাবেই জুডিশিয়াল অফিসারদের অপমান সহ্য করা হবে না।” মূলত প্রশাসনের ওপর ওপর নির্ভরশীলতা কমিয়ে বিচারবিভাগীয় স্বচ্ছতা আনতেই এই সিদ্ধান্ত।

এসআইআর-এর নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকাভিত্তিক পরিস্থিতি খতিয়ে দেখতে আগামিকাল একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও), বিশেষ পর্যবেক্ষক এন কে মিশ্র, রাজ্য পুলিশের ডিজি এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার। সেখানেই চূড়ান্ত হবে কোথায় কত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

আইনজ্ঞদের মতে, অতীতে নির্বাচনী বা প্রশাসনিক কোনও প্রক্রিয়ার তদারকিতে এত বড় সংখ্যায় বিচারকদের যুক্ত করার এবং তাঁদের ছুটি বাতিলের ঘটনা কার্যত বিরল। এখন দেখার, বিচারবিভাগের এই সরাসরি হস্তক্ষেপে এসআইআর -এর কাজে কতটা স্বচ্ছতা আসে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper