AB Live News
মার্চেই ভোট ঘোষণা? তৃণমূলে প্রার্থী বাছাইয়ে জোর তৎপরতা

রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা মার্চের শুরুতেই। তার আগেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শাসক ও বিরোধী—দু’পক্ষই। ইস্তেহার চূড়ান্ত করা থেকে সম্ভাব্য প্রার্থীর নাম ঠিক করা—সব ক্ষেত্রেই জোরকদমে চলছে অন্দরের অঙ্ক কষা।
নির্বাচনী রীতি মেনেই প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল ভবনে বসানো হয়েছে বিশেষ বায়োডেটা জমা দেওয়ার বাক্স। দলের যে কোনও সদস্য নির্দিষ্ট বিধানসভা কেন্দ্র উল্লেখ করে প্রার্থী হওয়ার আবেদন জানাতে পারবেন এই পদ্ধতিতে।
২০২১-এর ভোটের পর পাঁচ বছরে বদলেছে বহু রাজনৈতিক সমীকরণ। গতবারের প্রার্থীরাই কি আবার টিকিট পাবেন, নাকি দেখা যাবে একঝাঁক নতুন মুখ? সেলিব্রিটি প্রার্থী এনে চমক দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল।
দলীয় সূত্রে খবর, বহু আসনে প্রার্থী বাছাইয়ের কাজ অনেকটাই এগিয়ে। ভোটকুশলী সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির সমীক্ষা রিপোর্ট প্রার্থী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে। তবু পুরনো প্রথা বজায় রেখেই আবেদন প্রক্রিয়া চালু রাখা হয়েছে।
এদিকে, নির্বাচন যত এগোচ্ছে, ততই জোর পাচ্ছে দলবদলের জল্পনা। সদ্য সিপিএম ছেড়ে আসা তরুণ নেতা প্রতীক উর রহমানের তৃণমূলে যোগদানের সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। রাজনৈতিক সূত্রের দাবি, গত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা এই নেতাকে মগরাহাট বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করার কথাও ভাবা হচ্ছে।
ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই গতি পাচ্ছে রাজ্যের রাজনৈতিক তৎপরতা। এখন নজর কবে ঘোষণা হয় নির্বাচনের দিনক্ষণ—আর সেই ঘোষণার পর কোন দল কতটা প্রস্তুত তা প্রমাণ করতে পারে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

