AB Live News
ভোটের আগে ‘হিন্দুত্ব’ বিতর্কে দিলীপ
বিধানসভা ভোটের আবহে আবারও চর্চার কেন্দ্রে বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার সল্টলেকে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একাধিক ইস্যুতে মুখ খুলে ফের বিতর্কের জন্ম দিলেন তিনি।
হিন্দুত্ব প্রসঙ্গে স্পষ্ট অবস্থান জানিয়ে দিলীপের মন্তব্য, “বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না। কারণ এই দেশ হিন্দু। আমাদের কালচার, লাইফস্টাইল হিন্দু। ফালতু সেকুলারিজম দেখাই না।” রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের মুখে ধর্মীয় মেরুকরণের ইঙ্গিতবাহী এই মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিল।
এদিকে, বুধবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও এই সফরকে রাজনৈতিক নয়, সম্পূর্ণ ধর্মীয় কর্মসূচি হিসেবেই দেখানো হচ্ছে। কলকাতা বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি যাবেন মায়াপুরে। সেখানে বিশ্ববিখ্যাত ইসকন মন্দির, মায়াপুর-এ বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
শাহর এই সফরকে ঘিরেও রাজনৈতিক অন্দরে জোর আলোচনা শুরু হয়েছে। বিরোধীদের প্রশ্ন—ভোটের আগে এই ধর্মীয় সফর কি হিন্দুত্বের বার্তা জোরদার করারই কৌশল?
এই প্রসঙ্গেই প্রশ্নের মুখে পড়ে দিলীপ ঘোষ বলেন, “মায়াপুরের ইসকন মন্দির বিশ্ববিখ্যাত দর্শনীয় স্থান। কর্তৃপক্ষ অনেকদিন ধরেই অমিত শাহকে আমন্ত্রণ জানাচ্ছিলেন। সময়ের অভাবে এতদিন যাওয়া হয়নি। এবার যাচ্ছেন। সকলেরই একবার করে মায়াপুর ঘুরে আসা উচিত।”
তাঁর এই বক্তব্যের সঙ্গে হিন্দুত্ব নিয়ে সরাসরি মন্তব্য রাজনৈতিক বিতর্ককে আরও উসকে দিয়েছে। শাসকদল দীর্ঘদিন ধরেই অভিযোগ তোলে, ভারতীয় জনতা পার্টি বাংলায় ধর্মীয় মেরুকরণকেই হাতিয়ার করতে চাইছে। দিলীপ ঘোষের সাম্প্রতিক মন্তব্য সেই অভিযোগকেই যেন নতুন মাত্রা দিল বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।
ভোট যত ঘনিয়ে আসছে, ততই রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা বাড়ছে—আর তারই মাঝে ‘হিন্দুত্ব বনাম ধর্মনিরপেক্ষতা’ বিতর্ক ফের মাথাচাড়া দিল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

