Khabor Ekhon
মোহভঙ্গ! কাস্তে-হাতুড়ি ছেড়ে কি তবে ঘাসফুলে প্রতীক-উর?

বাম রাজনীতির চিরাচরিত ঘরানা বলে—ব্যক্তির চেয়ে দল বড়, আর নেতার চেয়ে নীতি। কিন্তু সেই কঠোর অনুশাসনের ‘নিগড়ে’ কি তবে দমবন্ধ হয়ে আসছিল ছাত্র রাজনীতির পরিচিত মুখ প্রতীক-উর রহমানের? সিপিএমের প্রাথমিক সদস্যপদ থেকে তাঁর ইস্তফা দেওয়ার পর এই প্রশ্নই এখন আলিমুদ্দিন স্ট্রিট থেকে নবান্ন—রাজ্য রাজনীতির অন্দরে সর্বত্র ঘুরপাক খাচ্ছে।
গত রবিবারই দলকে চিঠি পাঠিয়ে ইস্তফার কথা জানান এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সভাপতি। সূত্রের খবর, চিঠিতে তিনি স্পষ্টভাবেই জানিয়েছেন যে, বর্তমান দলীয় লাইনের সঙ্গে তিনি নিজেকে আর ‘খাপ খাওয়াতে’ পারছেন না। গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের মতো হাইভোল্টেজ কেন্দ্রে বামেদের মুখ ছিলেন তিনি। কিন্তু নির্বাচনের কয়েক মাস কাটতে না কাটতেই এই সিদ্ধান্ত দলের অন্দরের ফাটলকেই যেন সামনে এনে দিল।
প্রতীক-উরের পদত্যাগের পর থেকেই শুরু হয়েছে তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে জল্পনা। জোরালো গুঞ্জন, চলতি সপ্তাহেই তিনি আনুষ্ঠানিকভাবে নাম লেখাতে পারেন তৃণমূল কংগ্রেসে। এমনকি ঘাসফুল শিবিরের একটি অংশের ইঙ্গিত, আসন্ন বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হতে পারে। ডায়মন্ড হারবারের পরিচিত মুখ হিসেবে ওই জেলায় তাঁর জনপ্রিয়তাকেই শাসক দল কাজে লাগাতে চায় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রতীক-উরের এই সিদ্ধান্তের পরেই সরব হয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সরাসরি নাম না নিলেও তাঁর নিশানায় ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। কুণাল সমাজমাধ্যমে লেখেন, ‘তৃণমূলস্তরের নেতাদের এই সিদ্ধান্তের নেপথ্যে আসলে সম্পাদকের অযোগ্যতা ও বাতেলাবাজি দায়ী।’
অন্যদিকে, দলত্যাগ নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রেখেছেন প্রতীক-উর নিজে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, “ব্যক্তিগত কারও ওপর আমার ক্ষোভ নেই। যা বলার দলকে বলেছি। সময় এলে সব জানাব।” আপাতত তাঁর পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

