Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

সচল হয়েও অচল! ৫০ পয়সার আধুলি নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের দ্বিধা-দ্বন্দ্ব, বাতিলের পথে কি?

0 459,805

 

খাতায়-কলমে সচল, কিন্তু বাস্তবে প্রায় অচল। ৫০ পয়সার কয়েন বা ‘আধুলি’ নিয়ে দেশজুড়ে চলছে এক অদ্ভুত পরিস্থিতি। হাট-বাজারে, দোকানে, এমনকি ভিক্ষাপাত্রেও এটি ব্রাত্য হয়ে উঠেছে। ব্যাঙ্কে জমা দিতে গেলে আধিকারিকরা নাক সিঁটকাচ্ছেন। অথচ রিজার্ভ ব্যাঙ্ক বারবার বিজ্ঞপ্তি দিয়ে, সচেতনতা প্রচার করে জানাচ্ছে—৫০ পয়সার কয়েন সম্পূর্ণ সচল এবং লিগ্যাল টেন্ডার। এটি দিয়ে লেনদেন করতে হবে, ফেরানো যাবে না। কিন্তু প্রশ্ন উঠছে—শুনছে কে?
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের এক আধিকারিকের সঙ্গে কথা বলে জানা গেছে, বিষয়টি শুনতে বা বলতে সহজ মনে হলেও অর্থনীতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল সিদ্ধান্ত। কোনও মুদ্রা বাতিল করার দু’টি প্রধান কারণ—
১. মুদ্রার ফেস ভ্যালু (মুখ্য মূল্য) অত্যধিক কমে যাওয়া।
২. বাজারে গ্রহণযোগ্যতা একেবারে না থাকা।
বর্তমানে দ্বিতীয় কারণটিই প্রধান হয়ে উঠেছে। ৫০ পয়সার কয়েনের গ্রহণযোগ্যতা প্রায় শূন্যের কোঠায়। দৈনন্দিন লেনদেনে এটি প্রায় দেখাই যায় না। রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রাস্ফীতি ও মনিটারি পলিসি কমিটিতে এ নিয়ে তিন সদস্যের একটি উপ-কমিটি রয়েছে, যারা মুদ্রা বাতিলের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তথ্য অনুযায়ী, গত ১৫ বছরেরও বেশি সময় ধরে মুম্বই, কলকাতার তারাতলা, হায়দরাবাদ এবং নয়ডা টাঁকশালে ৫০ পয়সার নতুন কয়েন তৈরি হয়নি। অর্থাৎ সরকার নিজেই এর উৎপাদন বন্ধ করে দিয়েছে বলে মনে করা হচ্ছে। RBI বার্ষিক ভিত্তিতে সরকারের কাছে বিভিন্ন মুদ্রার চাহিদার তথ্য পাঠায়, কিন্তু ৫০ পয়সার কোনও চাহিদাভিত্তিক তথ্য সাম্প্রতিককালে পাঠানো হয়নি বলে আধিকারিকরা স্মরণ করতে পারছেন না।
এছাড়া, মুদ্রা বাতিল হলে ব্যাঙ্কে সরাসরি জমা দেওয়ার পাশাপাশি কয়েন ভেন্ডিং মেশিন তৈরি করতে হয় জনসাধারণের সুবিধার্থে। কিন্তু ৫০ পয়সার জন্য এমন কোনও ভেন্ডিং মেশিন এখনও প্রস্তুত নেই।
২০২৫-এর ডিসেম্বর মাসে RBI আবারও স্পষ্ট করে জানিয়েছে যে ৫০ পয়সা থেকে ২০ টাকা পর্যন্ত সব কয়েন লিগ্যাল টেন্ডার এবং এগুলি গ্রহণ করতে অস্বীকার করা আইনত অপরাধ। দোকানদার, ব্যবসায়ী বা পরিবহণ সংস্থাগুলি এগুলি প্রত্যাখ্যান করলে রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম লঙ্ঘন হয়। তবু বাস্তবে পরিস্থিতি উল্টো—অনেকেই বলছেন, “৫০ পয়সা তো বাজারেই নেই, তাহলে কীভাবে লেনদেন করব?”
একদিকে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ, অন্যদিকে জনগণের অভ্যাস ও বাজারের বাস্তবতা—এই দ্বন্দ্বের মাঝে আধুলি ক্রমশ অচল হয়ে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, যদি গ্রহণযোগ্যতা না বাড়ানো যায়, তাহলে শেষ পর্যন্ত সরকারকে এটি আনুষ্ঠানিকভাবে বাতিল করতে হতে পারে। কিন্তু তা করতে গেলে অর্থনৈতিক, প্রশাসনিক ও জনসাধারণের সুবিধার দিকগুলি বিবেচনা করতে হবে।

রিজার্ভ ব্যাঙ্কের এক আধিকারিক বলেছেন, “এটি শুধু একটি কয়েনের প্রশ্ন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মুদ্রানীতি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং জনগণের আস্থা। সিদ্ধান্ত নেওয়া সহজ নয়।”
এই পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রশ্ন—আধুলি কি শেষ পর্যন্ত বাতিলের পথেই যাবে? না কি রিজার্ভ ব্যাঙ্কের প্রচার সফল হয়ে এটি আবার বাজারে ফিরবে? উত্তর সময়ই দেবে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper