Khabor Ekhon
শপথে মোদিকে ডাকছে বিএনপি, ঢাকায় যাবেন কি?
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্রে জানা গিয়েছে, দলের চেয়ারম্যান ও হবু প্রধানমন্ত্রী তারেক রহমান-এর শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে। এখন প্রশ্ন, সশরীরে ঢাকায় গিয়ে সেই আমন্ত্রণ রক্ষা করবেন কি মোদি?
নির্বাচনে জয়ের পর সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন মোদি। পালটা ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে দিল্লি-ঢাকা সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দিয়েছে বিএনপি নেতৃত্ব। দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেই তাঁদের বিশ্বাস।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর উপদেষ্টা প্রধান হিসেবে দায়িত্ব নেন মহম্মদ ইউনুস। তাঁর শাসনকালে ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। সীমান্ত পরিস্থিতি, সংখ্যালঘু নির্যাতন এবং পাকিস্তান-ঘনিষ্ঠতার অভিযোগ ঘিরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে অস্বস্তি বাড়ে।
এই আবহেই বিএনপির নিরঙ্কুশ জয় এবং ভারতের সঙ্গে ইতিবাচক বার্তা বিনিময়—দিল্লি-ঢাকা সম্পর্কে নতুন অধ্যায়ের সম্ভাবনাই উসকে দিচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

