AB Live News
টিটিই-র ‘অমানবিকতা’, পরীক্ষা দিতে না পেরে আত্মঘাতী মেমারির কলেজ ছাত্রী

একটি ভুলের মাশুল কি তবে মৃত্যুই? বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে রেলের টিকিট পরীক্ষকের (টিটিই) হাতে হেনস্তা এবং দীর্ঘক্ষণ আটকে থাকার অপমানে প্রাণ দিলেন মেমারির এক মেধাবী কলেজ ছাত্রী। শুক্রবার পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকার রসুলপুর মাঠপাড়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত ছাত্রীর নাম জয়শ্রী সরকার (২০)। তিনি বর্ধমান ওমেন্স কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার জয়শ্রীর কলেজে পরীক্ষা ছিল। তাড়াহুড়োর কারণে রসুলপুর স্টেশন থেকে টিকিট না কেটেই বর্ধমানগামী ট্রেনে উঠে পড়েন তিনি। বর্ধমান স্টেশনে নামতেই টিকিট পরীক্ষকের নজরে পড়েন তিনি। অভিযোগ, জয়শ্রী তাঁর পরীক্ষার কথা জানিয়ে বারবার অনুরোধ করলেও মন গলেনি ওই রেল কর্মীর। দীর্ঘক্ষণ তাঁকে প্ল্যাটফর্মে বসিয়ে রেখে মানসিক হেনস্তা করা হয় এবং জরিমানার টাকা দাবি করা হয়।
দীর্ঘ টানাপোড়েন মিটিয়ে যখন তিনি স্টেশন থেকে বেরোন, ততক্ষণে পরীক্ষার নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে। পরীক্ষা দিতে না পারার আক্ষেপ আর স্টেশনে হওয়া অপমানের বোঝা সইতে না পেরে দুপুরে বাড়ি ফিরে চরম সিদ্ধান্ত নেন জয়শ্রী। বাড়িতে কেউ না থাকার সুযোগে সিলিং ফ্যান থেকে ওড়না জড়িয়ে আত্মহত্যা করেন তিনি। পরে বাবা জয়দেব সরকার বাড়ি ফিরে মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাটি নিয়ে রেলের অমানবিক আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর জানান, ‘‘বিনা টিকিটে ভ্রমণের জন্য আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।’’ অন্যদিকে, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে বলেন, ‘‘পড়ুয়াদের ক্ষেত্রে রেল কর্মীদের আরও মানবিক হওয়া উচিত ছিল। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’’
তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘‘একটু মানবিক হলে এই প্রাণহানি আটকানো যেত।’’ এক মেধাবী ছাত্রীর এমন অকাল প্রয়াণে রসুলপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

