AB Live News
ভাগ্যের জোরে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা

চরম রোমাঞ্চকর, নাটকীয় এক ম্যাচ উপহার দিল দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান। শেষ ওভারে যখন জয়ের জন্য ১৩ রান প্রয়োজন ছিল আফগানিস্তানের, তখন কাগিসো রাবাডার প্রথম বলেই ক্যাচ আউট হন নুর আহমেদ। কিন্তু বলটি নো হওয়ায় বেঁচে যান তিনি। এরপর ছক্কা হাঁকান নুর। ৩ বলে যখন ৫ রান বাকি তাদের, তখন ফের নো বল করেন রাবাডা। ম্যাচ কার্যত তখনই শেষ হয়ে যায়। কিন্তু দুই বল বাকি থাকতে রান আউটের কবলে পড়েন ফারুকি। ফলে ম্যাচ ড্র হয়ে যায়। খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে টাই হয় ম্যাচ। ফলে দ্বিতীয়বার সুপার ওভারে ম্যাচের ফয়সলা হয়। যেখানে আফগানদের ৪ রানে হারায় দক্ষিণ আফ্রিকা।

টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠিয়ে শুরুটা ভালোই করেছিল আফগানিস্তান। অধিনায়ক এডেন মারক্রামকে (৮ বলে ৫) দ্রুত সাজঘরে ফেরান ফজলহক ফারুকি। কিন্তু এরপরই লম্বা জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যান কুইন্টন ডি কক এবং রায়ান রিকেলটন। ৪১ বলে ৫৯ রান করেন ডি কক। রিকেলটনের মাত্র ২৮ বলে ঝোড়ো ৬১ রানের ইনিংস খেলেন। ডেওয়াল্ড ব্রেভিস (১৯ বলে ২৩), ডেভিড মিলাররা (১৫ বলে ২০) চেষ্টা করলেও, বড়ো রান করতে ব্যর্থ। ফলে ৬ উইকেটে ১৮৭ রানে থামে প্রোটিয়া ব্রিগেড। আফগানদের হয়ে আজমাতুল্লাহ ওমরজাই সর্বোচ্চ তিন উইকেট নেন। দুই উইকেট অধিনায়ক রশিদ খানের।
জবাবে শুরু থেকেই মারকাটারি ইনিংস শুরু করেন রহমানুল্লাহ গুরবাজ। তবে তাঁকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই। ৪২ বলে ৮৪ রান করে জয়ের ভিত গড়ে দিয়ে যান তিনি। কিন্তু বাকি প্রায় সকলেই ব্যর্থ। কেউই ৩০-এর গণ্ডি টপকাতে পারেননি। তবে শেষ দিকে ওমরজাই (১৭ বলে ২২) এবং রশিদ (১২ বলে ২০) চেষ্টা করেছিলেন দলকে জেতানোর। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান। ১৯.৪ ওভারে ১৮৭ রানে থেমে যেতে হয় আফগানিস্তানকে।

সুপার ওভারে গুরবাজের সঙ্গী হন ওমরজাই। প্রোটিয়ারা ভরসা রাখেন ম্যাচে তিন উইকেট নেওয়া লুঙ্গি এনগিদির ওপর। কিন্তু প্রথম দুই বলে চার ও ছক্কা হাঁকান ওমরজাই। পঞ্চম বলে ফের চার মারেন তিনি। শেষ পর্যন্ত ১৮ রানের লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকাকে। মিলার এবং ব্রেভিসের ওপর দায়িত্ব পড়ে প্রোটিয়াদের। ফারুকির দ্বিতীয় বলে ছক্কা মারেন ব্রেভিস। তবে তৃতীয় বলে আউট হয়ে যান তিনি। চতুর্থ বলে চার মারেন স্ট্রিস্টান স্টাবস। কিন্তু শেষ বলে ছয় মারায় ম্যাচ সুপার ওভারেও টাই হয়।

ফের শুরু হয় সুপার ওভার। যেখানে ওমরজাইয়ের প্রথম বলেই ছয় মারেন স্টাবস। চতুর্থ ও পঞ্চম বলে ছয় মারেন মিলার। প্রোটিয়ারা এক ওভারে তোলেন ২৩ রান। কেশব মহারাজের দুরন্ত বোলিংয়ের সামনে হার মানে আফগানিস্তান। প্রথম দুই বলে কোনও রান না দিয়ে মহম্মদ নবির উইকেট হারায় তারা। পরের তিন বলে ছক্কা মারেন গুরবাজ। কিন্তু শেষ বলে ফের আউট হয়ে যান তিনি। ১৯ রানে থামে তারা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

