Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ভোটের মুখে ইডি-র বড় ধাক্কা, কয়লা পাচার মামলায় গ্রেফতার দুই প্রভাবশালী ব্যবসায়ী

0 1,086

 বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই রাজ্যে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার গভীর রাতে কয়লা পাচার মামলার তদন্তে এক বড়সড় সাফল্য পেলেন আধিকারিকরা। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হল দুই প্রভাবশালী কয়লা ব্যবসায়ী— কিরণ খাঁ এবং চিন্ময় মণ্ডলকে। এই গ্রেফতারি কয়লা কেলেঙ্কারির শিকড়ে পৌঁছানোর ক্ষেত্রে ইডি-র একটি বড় পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

ইডি সূত্রে খবর, সোমবার এই দুই ব্যবসায়ীকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। দফায় দফায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের সময় তাঁদের বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। বিশেষ করে টাকার উৎস এবং লেনদেন সংক্রান্ত প্রশ্নে তাঁরা তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন বলে অভিযোগ। অবশেষে সোমবার গভীর রাতে তাঁদের হেফাজতে নেওয়া হয়। ধৃতদের মধ্যে চিন্ময় মণ্ডলকে কয়লা পাচার চক্রের মাস্টারমাইন্ড ‘লালা’ ওরফে অনুপ মাঝির অত্যন্ত ঘনিষ্ঠ বলে চিহ্নিত করেছেন গোয়েন্দারা। অন্যদিকে, কিরণ খাঁ একসময় এলাকাভেদে ‘কয়লা মাফিয়া’ হিসেবে পরিচিত থাকলেও পরে তিনি নিজেকে কয়লা ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেন।

সম্প্রতি ইডি ডিরেক্টর রাহুল নবীন কলকাতায় এসে আধিকারিকদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। সূত্রের খবর, সেই বৈঠকে বালি, কয়লা এবং নিয়োগ দুর্নীতির মতো হেভিওয়েট মামলাগুলোতে তদন্তের গতি বাড়ানোর কড়া নির্দেশ দিয়েছিলেন তিনি। এরপর থেকেই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা কয়েকগুণ বৃদ্ধি পায়। বিশেষ করে আইপ্যাক-এর আধিকারিক প্রতীক জৈনের অফিসে তল্লাশিকে কেন্দ্র করে যে আইনি লড়াই হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল, তার রেশ কাটতে না কাটতেই এই জোড়া গ্রেফতারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

চলতি মাসের শুরুতেই আসানসোল, রানিগঞ্জ এবং জামুরিয়ায় ম্যারাথন তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সময় জামুরিয়ার এক ব্যবসায়ীর গুদাম থেকে উদ্ধার হয়েছিল নগদ প্রায় দেড় কোটি টাকা। তদন্তের সেই সূত্র ধরেই উঠে আসে বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের নাম। সোমবার তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হয়। গোয়েন্দাদের ধারণা, ধৃত কিরণ ও চিন্ময়কে জেরা করে এই বিপুল অঙ্কের টাকা কোথায় কোথায় সরবরাহ করা হত এবং এই চক্রের পিছনে কোন কোন রাঘববোয়াল রয়েছেন, তার হদিশ মিলবে।

ভোটের ঠিক আগে এই গ্রেফতারিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। বিরোধীদের দাবি, পাচারের টাকা শেষ পর্যন্ত কাদের কাছে যেত তা প্রকাশ্যে আসা উচিত। অন্যদিকে, সরকারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই নির্বাচনের মুখে সক্রিয় করা হয়েছে কেন্দ্রীয় সংস্থাকে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper