Khabor Ekhon
তৃণমূল কাউন্সিলরের ‘আঘাতে’ বৃদ্ধের মৃত্যু, রণক্ষেত্র উত্তর ব্যারাকপুর
দল থেকে বহিষ্কৃত ছয় বছরের জন্য ধৃত রবীন্দ্রনাথ
খবর এখন: উত্তর ২৪ পরগনার মণিরামপুরে বেআইনি নির্মাণ রুখতে গিয়ে এক অশীতিপর বৃদ্ধের রহস্যমৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। স্থানীয় তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে ৮১ বছরের তুলসী অধিকারীকে শারীরিক নিগ্রহ ও খুনের অভিযোগ ওঠার পর রবিবার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। ঘটনার গুরুত্ব বুঝে অভিযুক্ত জনপ্রতিনিধিকে আগামী ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার (সাসপেন্ড) করেছে তৃণমূল কংগ্রেস।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ব্যারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে একটি নির্মাণকাজকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই উত্তেজনা ছিল। মৃত তুলসী অধিকারীর পরিবারের দাবি, তাঁদের বাড়ির পাশেই একটি বেআইনি নির্মাণ হচ্ছিল, যার প্রতিবাদ জানিয়ে আসছিলেন তাঁরা। শনিবার সন্ধ্যায় সেই বিতর্ক চরম আকার নিলে ঘটনাস্থলে পৌঁছান কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। অভিযোগ, প্রতিবাদী যুবক হেমন্ত অধিকারীকে মারধর শুরু করেন কাউন্সিলর। ছেলেকে বাঁচাতে বৃদ্ধ পিতা তুলসী অধিকারী এগিয়ে এলে কাউন্সিলর তাঁকে লক্ষ্য করে সজোরে লাথি মারেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়েন বৃদ্ধ। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
শনিবার রাতে অভিযোগ অস্বীকার করলেও, রবিবার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখার পর রবীন্দ্রনাথকে গ্রেফতার করা হয়। বিকেলেই ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক কড়া বার্তা দিয়ে জানান, ‘‘আইন আইনের পথে চলবে। দল কোনও অবস্থাতেই এমন আচরণ সমর্থন করে না।’’
শৃঙ্খলাভঙ্গের দায়ে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে তাৎক্ষণিকভাবে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে মণিরামপুর এলাকায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের মদতেই ওই বেআইনি নির্মাণ চলছিল এবং বারবার অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মেলেনি। পুলিশ জানিয়েছে, মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা হবে। বর্তমান পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ বাহিনী।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

