Khabor Ekhon
মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যত অমান্য করে অবাধে চলছে নদী থেকে বালি-লুঠ

জলপাইগুড়ি (আবির ভট্টাচার্য) : মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যত অমান্য করে অবাধে চলছে নদী থেকে বালি লুঠ। ঘন কুয়াশার আড়ালে বালি মাফিয়াদের দাপাদাপিতে কাঁপছে জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের ধূপগুড়ি ব্লকের শালবাড়ি এলাকা। ভোর রাত থেকেই গিলান্ডি নদীর বুকে একের পর এক ট্রাক্টর ও পিকআপ ভ্যানের শব্দে ঘুম ভাঙছে নদীপাড়ের বাসিন্দাদের। অভিযোগ, পুলিশ প্রশাসনের নাকের ডগাতেই অবাধে চলছে গিলান্ডি নদী থেকে বালি উত্তোলন ও পাচার। সবকিছু দেখেও যেন নীরব প্রশাসন।
ভোর তিনটা বাজতেই পুরানো শালবাড়ি গিলান্ডি নদীতে নেমে পড়ে একের পর এক ট্রাক্টর-পিকআপ ভ্যান। ঘন কুয়াশা ও কনকনে ঠাণ্ডায় যখন নদী সংলগ্ন এলাকার মানুষ শীতঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই নদীর বুকে শুরু হয় বালি মাফিয়াদের দাপাদাপি। রাজ্য সরকার সরকারিভাবে একাধিক বালিখাদনের অনুমোদন দিলেও অভিযোগ, তারপরেও ধূপগুড়ি মহাকুমার শালবাড়ি গিলান্ডি ও ডুডুয়া নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও পাচার বন্ধ হয়নি।
এই অবৈধ ও অবৈজ্ঞানিক বালি উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তনের আশঙ্কা বাড়ছে, পাশাপাশি নদী ভাঙনের ঘটনাও ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশ প্রশাসনের দাবি, অবৈধ বালি উত্তোলন বা পাচারের বিষয়টি তারা জানেন না।
অথচ অনায়াসে সাংবাদিকদের ক্যামেরা পৌঁছে যায় সেই সমস্ত অবৈধ বালিখাদানে। ক্যামেরা দেখতেই বালি বোঝাই ট্রলি নিয়ে দ্রুত সরে পড়ে পাচারকারীরা। এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে বিএলআরও দফতর, সেচ দফতর এবং পুলিশ প্রশাসনের ভূমিকা।
বিরোধীদের অভিযোগ, শাসকদলের মদত ও পুলিশ প্রশাসনের একাংশ আধিকারিকদের যোগসাজশেই ধূপগুড়িতে রমরমিয়ে চলছে এই অবৈধ বালির কারবার।
প্রশ্ন উঠছে, তাহলে কি মুখ্যমন্ত্রীর নির্দেশ নিচুতলার আধিকারিকদের কাছে পৌঁছাচ্ছে না? নাকি নির্দেশ পৌঁছালেও তা মানতে আগ্রহী নন সংশ্লিষ্টরা? এই প্রশ্নের উত্তর খুঁজছে ধূপগুড়ির মানুষ। স্থানীয় বাসিন্দা তাপস রায় বলেন, দীর্ঘদিন ধরেই গিলান্তি নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন চলছে। ভোর রাত থেকে ট্রাক্টর-পিকআপের শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। কুয়াশার সুযোগ নিয়ে নদীর বুক থেকে দেদার বালি তোলা হচ্ছে। এর ফলে নদী ভাঙন বাড়ছে, চাষের জমি ও বাড়িঘর হুমকির মুখে পড়ছে। আমরা বারবার অভিযোগ জানিয়েও কোনও প্রতিকার পাচ্ছি না। প্রশাসন সব দেখেও নীরব।
বিজেপি জলপাইগুড়ি জেলা সম্পাদক চন্দন দত্ত বলেন, মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও ধূপগুডি মহাকুমায় অবাধে অবৈধ বালি পাচার চলছে। পুলিশের নাকের ডগায় এই কারবার সম্ভব হচ্ছে শাসকদলের মদত ও প্রশাসনের একাংশের যোগসাজশে। অবিলম্বে এই অবৈধ বালি কারবার বন্ধ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। তৃণমূল জলপাইগুড়ি জেলা সম্পাদক রাজেশকুমার সিং বলেন, তৃণমূল কংগ্রেস কখনওই অবৈধ বালি উত্তোলন বা পাচারের পক্ষে নয়। যদি কোথাও বেআইনি কাজ হয়ে থাকে, প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। কাউকে দলীয় পরিচয়ের কারণে ছাড় দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করার কোনও প্রশ্নই ওঠে না।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Digital Team Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Digital Team Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

