Khabor Ekhon
‘সবই এআই কারসাজি’, ভিডিও বিতর্কে তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ হুমায়ুনের
নির্বাচনের উত্তাপের মাঝেই এবার ‘ভিডিও যুদ্ধ’কে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নজিরবিহীন সংঘাত শুরু হলো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুমায়ুন কবীরের একটি বিস্ফোরক ভিডিও প্রকাশ করে বড়সড় দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। শাসক শিবিরের দাবি, ওই ভিডিওতে ১০০০ কোটি টাকার একটি রফাসূত্রের কথা উল্লেখ রয়েছে, যার মধ্যে ৩০০ কোটি টাকা ইতিমধ্যেই ‘অ্যাডভান্স’ হিসেবে লেনদেন হয়েছে। এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে দিয়ে তদন্ত করানোর দাবি তুলেছে তৃণমূল। যদিও সেই সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়ে হুমায়ুন কবীর সাফ জানিয়েছেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন তাঁর বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (AI) ব্যবহার করে ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি নেতাদের সঙ্গে গোপন বৈঠকে এই বিশাল অঙ্কের লেনদেনের চুক্তি হয়েছে। কুণাল ঘোষ থেকে শুরু করে দলের শীর্ষ নেতৃত্ব এই ভিডিওর ভিত্তিতে হুমায়ুন কবীরকে অবিলম্বে জেরা করার দাবি তুলেছেন। কিন্তু দমে যাওয়ার পাত্র নন হুমায়ুন। তিনি পাল্টা তোপ দেগে বলেন, “তৃণমূল আমাকে ভয় পেয়েছে। ভয় পেয়েছে আমাদের জোটকে। রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না বলেই পর্দার আড়ালে এআই প্রযুক্তি ব্যবহার করে এই ধরণের নোংরা চক্রান্ত করছে। সাহস থাকলে প্রমাণ করুক আমি কোথায়, কোন বিজেপি নেতার সঙ্গে মিটিং করেছি। ভিডিওটি যদি ভুয়ো প্রমাণিত হয়, তবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং কুণাল ঘোষের বিরুদ্ধে আমি আদালতের দ্বারস্থ হব এবং তাঁদের উপযুক্ত সাজা নিশ্চিত করব।”
হুমায়ুনের দাবি, এই ভিডিও প্রকাশের নেপথ্যে রয়েছে গভীর সাম্প্রদায়িক রাজনীতি। তাঁর মতে, রাজ্যে মুসলমান ভোটব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে সরে গিয়েছে এবং তাঁরা এখন হুমায়ুনের পক্ষে কথা বলছেন। এই জনসমর্থনে চিড় ধরাতেই মুসলমানদের বিভ্রান্ত করতে এই আধুনিক প্রযুক্তির আশ্রয় নেওয়া হয়েছে। নিজের বক্তব্যের স্বপক্ষে পাল্টা যুক্তি দিয়ে তিনি বলেন, “স্টিং অপারেশনে তো ফিরহাদ হাকিমকে টাকা নিতে দেখা গিয়েছিল, তার কী হলো? আগে ওটার বিচার হোক।”
বিশেষজ্ঞদের মতে, চলতি নির্বাচনী মরসুমে যেভাবে ‘ডিপফেক’ বা এআই প্রযুক্তি ব্যবহারের অভিযোগ উঠছে, তা তদন্তকারী সংস্থাগুলির কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একদিকে তৃণমূল যখন দুর্নীতির অভিযোগে সরব, অন্যদিকে হুমায়ুন কবীর একে প্রযুক্তিগত জালিয়াতি হিসেবে বর্ণনা করে আইনি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। পরবর্তী শুনানি বা তদন্তে এই ভিডিওর সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত এই চাপানউতোর যে থামছে না, তা বলাই বাহুল্য। এখন দেখার, আদালতের বারান্দা পর্যন্ত এই জল গড়ায় কি না।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

