Khabor Ekhon
ভয় পাই না, সত্য বলবই: পানিহাটিতে হুঙ্কার মমতার
মিন্টু চক্রবর্তী: (পানিহাটি): চব্বিশের লোকসভা ভোটের রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গিয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সলতে পাকানো। বৃহস্পতিবার পানিহাটির হাইভোল্টেজ জনসভা থেকে সেই সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর আবহে রাজনৈতিক ভাবে অত্যন্ত সংবেদনশীল এই জনপদ থেকে একদিকে যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় এজেন্সিকে নজিরবিহীন আক্রমণ শানালেন তিনি, তেমনই নিজের রাজনৈতিক দর্শনের উৎস হিসেবে তুলে ধরলেন শৈশবের এক অদম্য জেদের কাহিনি। এদিন নাম না করে অমিত শাহকে ‘মোটাভাই’ সম্বোধন করে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, দিল্লি থেকে ইডি-সিবিআই পাঠিয়ে তাঁকে দমানো সম্ভব নয়।
এদিন পানিহাটির সভা ছিল আক্ষরিক অর্থেই আক্রমণাত্মক। কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ছড়া কেটে কটাক্ষ করেন, ‘ওহে মোটাভাই, সাথে ইডি, সিবিআই। দিল্লি থেকে এল গাই, সাথে ইডি, সিবিআই।’ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে রাজনৈতিক নেতাদের ভয় দেখাচ্ছেন এবং বশ্যতা স্বীকার করতে বাধ্য করছেন। নেত্রীর দাবি, অনেকেই কিছু পাওয়ার আশায় বা ভয়ে মাথা নত করলেও, তাঁকে কব্জা করার সব চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘আমাকে কব্জা করার জন্য অনেক চেষ্টা করেছে, পারেনি। পারবেও না। ধমক বা চমক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে থামানো যায় না।’
নিজের এই নির্ভীক সত্তার শিকড় খুঁজতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী ফিরে যান তাঁর চার বছর বয়সের এক স্মৃতিতে। যা উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে বিশেষ উদ্দীপনা তৈরি করে। মুখ্যমন্ত্রী স্মৃতিচারণ করে বলেন, ‘আমার যখন মাত্র চার বছর বয়স, তখন এক মুদির দোকানে গিয়েছিলাম। সেখানে এক ব্যক্তি জ্বলন্ত বিড়ি ছুড়ে মারায় একটি ছেলের গেঞ্জি পুড়ে গিয়েছিল। এলাকায় বিচার সভা বসেছিল। সেখানে দোষীকে শনাক্ত করতে বলা হলে আমি নির্ভয়ে আঙুল তুলে দেখিয়ে দিই। বাবা জিজ্ঞেস করেছিলেন কেন বললাম, আমি বলেছিলাম সত্যি তো বলবই। সেই চার বছর বয়স থেকে অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলা আমার মজ্জাগত।’ এই সত্য বলার সাহসই তাঁর রাজনৈতিক জীবনের সাফল্যের মূলমন্ত্র বলে দাবি করেন তিনি।
ভোটের আবহে ভোটারদের বিশেষ ভাবে সতর্ক করে দিয়ে মমতা এদিন ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে কড়া বার্তা দেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে বিজেপি কুৎসা ও ষড়যন্ত্রের জাল বুনছে। ভোটারদের উদ্দেশে তাঁর নির্দেশ, ‘নিজের ভোট নিজে দেবেন। ইভিএম খারাপ হলে ভোট দেবেন না, অপেক্ষা করবেন। ভিভিপ্যাট স্লিপ না দেখে নিশ্চিত হবেন না। নতুন যন্ত্র এলে এজেন্টদের দেখতে হবে ভোট ঠিক জায়গায় পড়ছে কি না।’ তিনি সাফ জানান, বিজেপির নির্বাচনী কৌশলের ওপর তাঁর বিন্দুমাত্র আস্থা নেই।
একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে খাদ্যাভ্যাস এবং বাংলার সংস্কৃতিতে হস্তক্ষেপের অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিজেপি মাছ-মাংস খাওয়া বন্ধ করে দিচ্ছে। বাংলার মানুষের নাম তালিকা থেকে বাদ দিচ্ছে। অফিসারদের বদলি করে বাইরে পাঠিয়ে দিচ্ছে।’ পানিহাটির বিশেষ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি বিরোধীদের সতর্ক করে বলেন, ‘সৌজন্যের সীমা বজায় রাখুন। অন্য কাউকে ভোট দিয়ে বিজেপির হাত শক্ত করবেন না। বাংলাকে বাঁচাতে হলে তৃণমূল সরকারের কোনও বিকল্প নেই। আমি আপনাদের বিপদের দিনের বন্ধু ছিলাম এবং থাকব।’ এদিন পানিহাটির জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বুঝিয়ে দিলেন, আগামী নির্বাচনগুলিতে তাঁর লড়াই হবে সরাসরি দিল্লির শক্তির বিরুদ্ধে এবং সেই লড়াইয়ে তাঁর প্রধান অস্ত্র হবে তাঁর দীর্ঘদিনের প্রতিবাদী ভাবমূর্তি।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

