Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

নিরাপত্তাই আগে, মঙ্গলবার থেকে স্তব্ধ টলিপাড়া

0 618,964,380

রুচিরা রায়: শুটিং ফ্লোরে অভিনেতা রাহুল চট্টোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু টলিউডের অন্দরে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ ও নিরাপত্তাহীনতাকে আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত করল। সহকর্মীর অকাল প্রয়াণে শোকাতুর স্টুডিও পাড়া এবার নিজেদের জীবন সুরক্ষা নিশ্চিত করতে চরম পথ বেছে নিল। আগামী মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখার ডাক দিল আর্টিস্ট ফোরাম ও ফেডারেশন। রবিবার সন্ধ্যায় এক হাইভোল্টেজ বৈঠকের পর এই যৌথ সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। টলিপাড়ার ভাষায়, “রাহুল শিখিয়ে দিয়ে গেল যে আমরা শুটিংয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু নিরাপদে ফিরতে পারব কি না তার কোনো নিশ্চয়তা নেই।”
ঘটনার সূত্রপাত তালসারিতে শুটিং চলাকালীন রাহুলের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে। মৃত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার ইতিমধ্যেই ব্যক্তিগতভাবে থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর নিশানায় রয়েছেন ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়সহ পরিচালক শুভাশিস মণ্ডল, এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং প্রোডাকশন ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী। এই অভিযোগের পরেই রবিবার টলিপাড়ার শিল্পীরা দলমত নির্বিশেষে এক ছাতার তলায় আসেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়সহ ইন্ডাস্ট্রির প্রথম সারির প্রায় সব মুখ। ছিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসও।
বৈঠক শেষে অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, “আমরা রাহুলের পরিবারের পাশে আছি এবং থাকব। এই লড়াইটা শুরু হলো আমাদের সকলের নিরাপত্তার জন্য। শুটিং ফ্লোরে ন্যূনতম সুরক্ষাবিধি না থাকলে কাজ করা অসম্ভব।” প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কণ্ঠেও ছিল একই সুর। তিনি আক্ষেপের সুরে বলেন, “রাহুলের মৃত্যু আমাদের ইন্ডাস্ট্রির সব ভেদাভেদ মুছে দিয়ে এক করে দিল। কিন্তু বিনিময়ে যে প্রশ্নটা রেখে গেল, তা হলো আমাদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে। প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।”
ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস স্পষ্ট জানান, তাঁরা কর্মবিরতির পক্ষপাতী নন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাঁরা বাধ্য হয়েছেন। সেফটি প্রোটোকল বা নিরাপত্তা বিধি অমান্য করার ফলেই যে এমন দুর্ঘটনা ঘটছে, তা নিয়ে সরব হয়েছেন তিনি। স্টুডিও পাড়ার দাবি, যতক্ষণ না পর্যন্ত একটি স্থায়ী ও সুষ্ঠু নিরাপত্তা নীতিমালা তৈরি হচ্ছে, ততক্ষণ ক্যামেরা রোল করবে না। এই সিদ্ধান্তের ফলে আগামী মঙ্গলবার থেকে বাংলা সিনেমা ও মেগা সিরিয়ালের ভবিষ্যৎ যে অনিশ্চয়তার মুখে পড়ল, তা বলাই বাহুল্য। বিনোদন জগতের এই নজিরবিহীন ঐক্য ও কর্মবিরতি রাজ্য রাজনীতি এবং সাধারণ দর্শকদের মধ্যেও ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper