Khabor Ekhon
অবাধ ভোটের লক্ষ্যে ‘অ্যাকশন’ মোডে কমিশন: ডিজি-কে তলব
রাজ্যে অবাধ, শান্তিপূর্ণ ও হিংসামুক্ত নির্বাচন নিশ্চিত করতে নজিরবিহীন কড়া অবস্থান নিল ভারতের নির্বাচন কমিশন। একদিকে যেমন শাসকদলের নেতাদের অতিরিক্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে রাজ্য পুলিশের ডিজি-কে কড়া বার্তা দেওয়া হয়েছে, অন্যদিকে বুথ দখল বা ছাপ্পা রুখতে প্রশাসনকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
কেন ৮৩২ তৃণমূল নেতার জন্য ২১৮৫ পুলিশ? ক্ষুব্ধ কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোট ঘোষণার আগে থেকেই তৃণমূলের ৮৩২ জন নেতা-কর্মী এবং আরও ১৪৪ জন সমর্থকের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পরিসংখ্যান অনুযায়ী, এই ৯৭৬ জন ব্যক্তির জন্য মোট ২,১৮৫ জন পুলিশ কর্মী নিয়োজিত রয়েছেন।
রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে উদ্দেশ্য করে কমিশনের প্রশ্ন,
শুধু একটি বিশেষ দলের নেতাদের জন্য কেন এত বিপুল নিরাপত্তার প্রয়োজন?
কারা, কোন মাপকাঠিতে এই নিরাপত্তা পাচ্ছেন?
এই অপ্রয়োজনীয় নিরাপত্তা কি অবিলম্বে তুলে নেওয়া সম্ভব নয়?
আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে পুরো বিষয়টি পেশাদার ও নিরপেক্ষভাবে পর্যালোচনা করে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে ডিজি-কে।
‘ভয়মুক্ত ভোট চাই’, বার্তা মুখ্যসচিব ও ডিজি-কে
শুক্রবার মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা-সহ জেলাশাসক ও পুলিশ সুপারদের সাথে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার। সেখানে সাফ জানানো হয়,
ভোটাররা যেন নির্ভয়ে বুথে গিয়ে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে হবে।
ছাপ্পা ভোট বা বুথ জ্যামিংয়ের মতো ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
ভোটের পরিবেশে কোনওপ্রকার হিংসার ছায়া থাকা চলবে না।
মালদহ কাণ্ডে ডিজি-কে ধমক
সম্প্রতি মালদহে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে গড়ে ওঠা বিক্ষোভ ও অশান্তি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার। সিইও অফিসের সামনে দু’দিন ধরে গন্ডগোল চললেও কেন পুলিশ শুরুতে ব্যবস্থা নেয়নি, সেই প্রশ্নে ডিজি ও মালদহের এসপি অনুপম সিংহকে ধমক দেয় কমিশন। এই ঘটনার তদন্তভার ইতিমধ্যেই এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণের পর কমিশন এখন রাজ্য প্রশাসনের উপর চাপ বাড়িয়ে এটা স্পষ্ট করে দিয়েছে যে, নির্বাচনের পবিত্রতা রক্ষায় বিন্দুমাত্র শিথিলতা দেখালে রেয়াত করা হবে না কাউকেই।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

