Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ভোটার তালিকায় নাম নেই, আতঙ্কে আত্মঘাতী যুবক

0 56,983,259

ভোটার তালিকায় নাম ওঠেনি। বারবার শুনানিতে গিয়েও মেলেনি সুরাহা। শেষ পর্যন্ত নাগরিকত্ব হারানোর চরম আতঙ্কে বিষ খেয়ে আত্মঘাতী হলেন কাঁকসার এক যুবক। মৃতের নাম খেপা হাজরা (৩৫)। কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের আকন্দরা গ্রামের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই মৃত্যুকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় খেপা হাজরার নাম ‘বিচারাধীন’ বা ডি-ভোটার তালিকায় ছিল। নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে একাধিকবার শুনানিতে হাজিরা দিয়েছিলেন তিনি। আশা ছিল, সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকায় নাম উঠে আসবে। কিন্তু সম্প্রতি প্রকাশিত তালিকাতেও নিজের নাম না দেখে ভেঙে পড়েন ওই যুবক।
স্ত্রী বৃন্দা হাজরা কান্নায় ভেঙে পড়ে জানান, “আমার স্বামী দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। যেদিন থেকে জানতে পেরেছেন তালিকায় নাম নেই, সেদিন থেকেই আতঙ্কে ভুগছিলেন। ঠিকমতো খাওয়া-দাওয়া করতেন না, কারও সঙ্গে কথা বলতেন না। সারাক্ষণ ভাবতেন এই দেশ থেকে কি আমাদের তাড়িয়ে দেওয়া হবে?”
শনিবার থেকে নিখোঁজ ছিলেন খেপা বাবু। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর গ্রামের মাঠের পাশ থেকে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান তিনি বিষপান করেছেন। দু’দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এই ঘটনাকে কেন্দ্র করে সুর চড়িয়েছেন দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার। তিনি সরাসরি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বলেন:
“অনুপ্রবেশকারী জুজু দেখিয়ে মানুষের মনে ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে। যাদের বৈধ নথি রয়েছে, তাঁদেরও নাগরিকত্ব কেড়ে নেওয়ার ভয় দেখিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। রাজ্যে ইতিপূর্বেও এমন প্রাণহানি ঘটেছে। আমরা এই অমানবিক ব্যবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
অন্যদিকে, এই ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভোটার তালিকায় নাম না থাকা এবং আত্মহত্যার মধ্যে সরাসরি কোনও যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper