Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ভোট লুঠের নয়া ছক! সিইও দপ্তরে হানা অভিষেকের

0 347,654,357

ইভিএম নয়, এবার সরাসরি ভোটার তালিকায় কারচুপি করে ভোট চুরির ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। সোমবার সন্ধ্যায় কলকাতার ‘কমিশন হাউস’ বা সিইও দপ্তরে হানা দিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিজেপির নির্দেশে ভিনরাজ্যের ভোটারদের নাম অবৈধভাবে বাংলার তালিকায় ঢোকানো হচ্ছে। এই ‘কেলেঙ্কারি’র তথ্যপ্রমাণ হাতে নিয়ে এদিন প্রায় এক ঘণ্টা সিইও দপ্তরে অবস্থান করেন তিনি।
           তথ্যপ্রমাণ নিয়ে হানা
সোমবার প্রথমে সোশ্যাল মিডিয়ায় সচিত্র প্রমাণ পেশ করেন অভিষেক। এরপর সন্ধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, শান্তনু সেনদের মতো হেভিওয়েট নেতাদের সঙ্গে নিয়ে সোজা পৌঁছে যান নির্বাচন কমিশনের দপ্তরে। বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তোপ দাগেন, “বিজেপির অঙ্গুলিহেলনে ফর্ম-৬-এর মাধ্যমে বিহার, হরিয়ানা বা দিল্লির ভোটারদের নাম এখানে নথিভুক্ত করা হচ্ছে। অথচ বহু জায়গায় কয়েকশো ভূমিপুত্রের নাম বাদ দেওয়া হয়েছে।” অভিষেকের অভিযোগ, গত ডিসেম্বর মাসে দিল্লিতে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকেই তিনি এই আশঙ্কার কথা জানিয়েছিলেন, যা এখন প্রমাণিত।
সিসিটিভি ও সশরীরে হাজিরা নিয়ে প্রশ্ন
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুক্তি, নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি ৫০টির বেশি ফর্ম-৬ জমা দিতে পারেন না। প্রায় ৩০ হাজার ফর্ম জমা পড়লে অন্তত ৬০০ জন আবেদনকারীকে সশরীরে কমিশন দপ্তরে আসার কথা। অভিষেক চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “গত ২৪ ঘণ্টার সিসিটিভি ফুটেজ প্রকাশ করুক কমিশন। দেখা যাক কতজন আবেদনকারী সশরীরে এসেছেন।”
আশ্চর্যের বিষয় হলো, সিসিটিভি প্রসঙ্গে সিইও-র উত্তরে হতবাক তৃণমূল সাংসদ। অভিষেক কটাক্ষ করে বলেন, “যিনি বাংলার ৮০ হাজার বুথে এবং গাড়িতে ক্যামেরা বসানোর নির্দেশ দিচ্ছেন, তিনি বলছেন নিজের অফিসেই সিসিটিভি আছে কি না জানা নেই! এর থেকেই বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়।”
        অমিত মালব্য ও দিল্লির ফোন
বিজেপির সঙ্গে কমিশনের ‘সরাসরি যোগাযোগ’ নিয়ে অভিষেক দাবি করেন, রবিবার এক বিজেপি নেতা সিইও-কে ফোন করে ধমক দিয়েছেন। এরপর দিল্লি থেকে অমিত মালব্যও ফোন করেন। মূলত বিজেপির আইটি সেলের নির্দেশেই এই তালিকা বদলের কাজ চলছে বলে তাঁর অভিযোগ। সেই সঙ্গে গত ১০ দিনে ৩৯৫ জন অফিসারকে বদলি করা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, ভোটমুখী অন্য কোনো রাজ্যে এমন নজির নেই, শুধুমাত্র বাংলাকেই টার্গেট করা হয়েছে।
      আইনি লড়াই ও কড়া নজরদারি
অভিষেক জানিয়েছেন, বুধবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে এবং সেখানে সমস্ত কারচুপির প্রমাণ পেশ করা হবে। ১লা এপ্রিল পর্যন্ত ফর্ম-৬ জমা দেওয়ার শেষ দিন। সেই সময় পর্যন্ত দলীয় কর্মীদের কমিশনের দপ্তরের ওপর কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। প্রয়োজনে নিজের প্রচারসূচি বাতিল করে ফের কমিশন দপ্তরে আসার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper