Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

হাড়োয়ায় সাতসকালে বোমাতঙ্ক, ঘর থেকে উদ্ধার ২২টি তাজা বিস্ফোরক, ধৃত ১

0 1,876,568

রাজ্যে দু-দফার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই বারুদের স্তূপে ফেরার ইঙ্গিত দিচ্ছে বাংলা। মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার অন্তর্গত সোনাপুকুর-শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের ন’পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২২টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত মুজিবর মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ভোটের ঠিক আগে জনবসতিপূর্ণ এলাকায় এত পরিমাণ বোমা মজুত থাকায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে।

গোপন সূত্রে হাড়োয়া থানার পুলিশের কাছে খবর ছিল যে, ন’পাড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছে। সেই খবরের ভিত্তিতেই মঙ্গলবার ভোররাতে পুলিশ বাহিনী মুজিবর মোল্লার বাড়িতে চড়াও হয়। ঘর তল্লাশি করতেই একটি গোপন জায়গা থেকে উদ্ধার হয় ২২টি শক্তিশালী তাজা বোমা। পুলিশ জানিয়েছে, বোমাগুলি অত্যন্ত সযত্নে বালতির মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল, যা বড়সড় নাশকতার ছক বলে মনে করা হচ্ছে।

বিপুল পরিমাণ বোমা উদ্ধারের খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। খবর দেওয়া হয় সিআইডি-র বম্ব স্কোয়াডকে। বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি উদ্ধার করে নিকটবর্তী নির্জন এলাকায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন। ঘটনাস্থলে নিরাপত্তার কড়া ঘেরাটোপ তৈরি করা হয়েছে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

নির্বাচন কমিশন যখন রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোর জন্য দফায় দফায় রিটার্নিং অফিসার ও পুলিশ কর্তাদের বদলি করছে, ঠিক সেই সময়েই এই বোমা উদ্ধার প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

ধৃত মুজিবর মোল্লা এই বোমাগুলি কোথা থেকে এনেছিল এবং এগুলি কার নির্দেশে মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীদের দাবি, ভোট লুট ও ভোটারদের ভয় দেখানোর জন্যই শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা এই বোমা মজুত করছে। অন্যদিকে, তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, পুলিশি সক্রিয়তার ফলেই দুষ্কৃতীরা ধরা পড়ছে।

হাড়োয়া থানার এক আধিকারিক জানিয়েছেন, “শান্তি বজায় রাখতে আমরা প্রতি মুহূর্তে টহল দিচ্ছি। এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত বা কোনও বড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।” এলাকায় নতুন করে অশান্তি রুখতে অতিরিক্ত পুলিশ পিকেট বসানো হয়েছে।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper