Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মমতা-অভিষেকের ঝোড়ো প্রচার শুরু

0 6,754,465

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আজ মঙ্গলবার থেকেই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব পুরোদমে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে ‘দিদি’ হয়ে প্রান্তিক মানুষের দ্বারে দ্বারে পৌঁছচ্ছেন, আর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণে ‘সেনাপতি’ হয়ে দলীয় প্রার্থীদের হয়ে ভোট চাইছেন।
এবারের ভোটে তৃণমূলের লড়াই শুধু কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে নয়, নির্বাচন কমিশনের সঙ্গেও। ভোটার তালিকা সংশোধন (SIR) নিয়ে বিতর্কের মধ্যেই দল দুই ফ্রন্টে সমান্তরাল প্রচারের কৌশল নিয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, এক মাস ধরে রাজ্যের প্রতিটি জেলায় পথে-প্রান্তরে থাকবেন মমতা ও অভিষেক।
          মমতার কর্মসূচি:
আজ চালসায় একটি গির্জায় স্থানীয় প্রান্তিক মানুষের সঙ্গে জনসংযোগ করে প্রচার শুরু করবেন মমতা। কথায় বলে, ‘মঙ্গলে উষা বুধে পা/ যথা ইচ্ছা তথা যা’—তেমনই আজ থেকে শুরু। বুধবার থেকে পুরোদমে জনসভা শুরু হবে ময়নাগুড়ি থেকে। তারপর উত্তরবঙ্গ থেকে দক্ষিণ, পূর্ব-মধ্য হয়ে পশ্চিমবঙ্গ—পুরো এক মাস বঙ্গের মাটি ছুঁয়ে ছুঁয়ে চলবে তাঁর ‘মা-মাটি-মানুষ’ সরকার গড়ার অভিযান। এই সফরেই চতুর্থবারের জন্য ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়ে ঘুরবেন তিনি।
               অভিষেকের কর্মসূচি:
অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আজ দুপুরে নিজের জেলা দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা কলেজ গ্রাউন্ডে দলীয় প্রার্থীর হয়ে বড়সড় প্রচারসভা করবেন। তারপর গোটা মাস জুড়ে উত্তর ও দক্ষিণবঙ্গে টানা কর্মসূচি—জনসভা, কর্মীসভা ও দরজায় দরজায় প্রচার। আগামীকাল বুধবার তিনি নন্দীগ্রামেও কর্মীসভা করবেন বলে জানা গিয়েছে।
দলের অন্দরে আশা, এই দ্বিমুখী ঝড়ো প্রচারে উত্তরবঙ্গের বিজেপি-ঘাঁটিতে চাপ তৈরি হবে এবং দক্ষিণের শক্ত ঘাঁটি আরও মজবুত করা যাবে। মমতা ইতিমধ্যেই কর্মীদের সতর্ক করে দিয়েছেন—কোনো অবহেলা যেন না হয়। অভিষেকও ভোটারদের কাছে তৃণমূল সরকারের ‘রিপোর্ট কার্ড’ তুলে ধরার নির্দেশ দিয়েছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুসারে, রাজ্যে দু’দফায় ভোট—২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। ফল ঘোষণা ৪ মে। তৃণমূল ইতিমধ্যে ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং ২২৬টির বেশি আসন জয়ের আশা প্রকাশ করেছে।
এই প্রচার অভিযান যে শুধু ভোট চাওয়া নয়, তৃণমূলের সংগঠনকে আরও শক্তিশালী করারও একটি বড় সুযোগ—এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আগামী দিনে উত্তর-দক্ষিণ জুড়ে কী ধরনের সাড়া মেলে, তার উপরই নির্ভর করছে ২০২৬-এর বঙ্গ-রাজনীতির ভবিষ্যৎ।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper