Khabor Ekhon
পুরো আইপিএলে রাহুলকে আমরা ওপেনার হিসাবে খেলাব: বাদানি ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে সরব অক্ষর
এবারের আইপিএলে কেএল রাহুলকে দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেন করতে দেখা যাবে। প্রতিযোগিতা শুরুর পাঁচদিন আগেই প্রেস কনফারেন্স করে জানিয়ে দিলেন কোচ হেমাঙ্গ বাদানি। দলের সেরা ব্যাটারকে যত বেশি সম্ভব বল খেলার সুযোগ করে দেওয়াই এখন লক্ষ্য দিল্লি শিবিরের। সোমবার এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দিল্লির কোচ বাদানি এবং ডিরেক্টর অব ক্রিকেট বেনুগোপাল রাও। গত বছর গোটা আইপিএলে নির্দিষ্ট ওপেনিং জুটি বেছে নিতে পারেনি দিল্লি। সাতটি ভিন্ন ওপেনিং জুটি ব্যবহার করেছিল তারা। স্বাভাবিক ভাবেই ওপেনিং জুটি নিয়ে প্রশ্ন ওঠে। বাদানি বলেছেন, ‘ওপেনিং জুটি কী হবে, তা এখনও চূড়ান্ত নয়। তবে রাহুলকে আমরা ওপেনার হিসাবে খেলাব। পুরো আইপিএলেই রাহুলকে ওপেনার হিসাবে খেলানোর ভাবনা রয়েছে।’
গত আইপিএলে ১৫০ স্ট্রাইক রেটে ৫৩৯ রান করেছিলেন রাহুল। সাদা বলের ক্রিকেটে ব্যাটার রাহুল এখন অনেক বেশি আত্মিশ্বাসী। রাহুলের সঙ্গী হিসাবে বেশ কয়েকজনের নাম রয়েছে বাদানিদের ভাবনা। অভিষেক পোড়েল, পাথুম নিসঙ্কা, পৃথ্বী শয়ের মতো আগ্রাসী ব্যাটাররা দলে রয়েছেন। গত মরসুমে পাঁচজন ব্যাটারকে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ওপেন করিয়েছিল দিল্লি শিবির। এত পরীক্ষা-নিরীক্ষা করেও প্রত্যাশিত ফল আসেনি। এবার তাই স্থায়ী ওপেনিং জুটি চাইছেন দিল্লির কোচ। গত মরসুমে প্রথমে ওপেন করে ফাফ ডুপ্লেসি-জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক জুটি। তারপর ডুপ্লেসি-রাহুল জুটি। তারপর অভিষেক-করুণ নায়ার জুটি। এরপর ডুপ্লেসি-অভিষেক জুটি। তাতেও প্রত্যাশিত ফল না পাওয়ায় রাহুল-ম্যাকগার্ক জুটিকে ওপেন করানো হয়েছিল। শেষে আবার ডুপ্লেসি-নায়ার জুটি।
অন্যদিকে, আইপিএল ২০২৬ শুরুর আগে বিতর্কে ফের ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম। তিন বছর আগে নয়া নিয়ম চালুর পর থেকেই ক্রিকেটমহলে মতভেদ স্পষ্ট। অতীতে রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়া এই নিয়মের বিরোধিতা করেছিলেন। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন অক্ষর প্যাটেল। সোমবার দিল্লির অধিনায়ক জানিয়েছেন, তিনি এই নিয়ম ব্যক্তিগত ভাবে সমর্থন করেন না। তবে নিয়ম মানতে আপত্তি নেই।
অক্ষর বলেন, ‘আমি নিজে একজন অলরাউন্ডার। তাই এই নিয়ম পছন্দ নয়। আগে আমরা নির্দিষ্ট ভূমিকার জন্য অলরাউন্ডারদের বেছে নিতাম। এখন দলগুলো ব্যাটার বা বোলারদের বেছে নেয়। ওরা বলতেই পারে, কেন অলরাউন্ডার নেব দলে? নিজে অলরাউন্ডার হওয়ায় এই নিয়ম পছন্দ করি না। কিন্তু নিয়ম তো নিয়মই। সেটা মানতেই হবে। তবে ব্যক্তিগত ভাবে এই নিয়ম পছন্দ নয়।’
গত মরসুমে মাত্র ২০৪টি বল করেছিলেন অক্ষর। তার আগের মরসুমে করেছিলেন ২৬৪টি। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের জন্যই কি বল করা কমিয়ে দিয়েছেন? অক্ষর জানান, ‘ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের জন্য নয়। আমি চ্যাম্পিয়ন্স ট্রফির পর চোট পেয়েছিলাম। আঙুল কেটে গিয়েছিল। বলের সুতোর ঘষা লাগায় অবস্থা আরও খারাপ হয়েছিল। গভীর ভাবে আঙুলে ক্ষত তৈরি হয়েছিল। তাই চাপ দিয়ে বল ঘোরাতে পারছিলাম না। এই কারণে যখন দরকার শুধু তখনই বল করেছি।সাতটা ম্যাচের পর আঙুলের অবস্থা ভালো হয়েছিল। তখন নিয়মিত বল করেছি।’
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

