Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ভিনির জোড়া গোল, মাদ্রিদ ডার্বিতে জিতে শিরোপার দৌড়ে রিয়াল

0 895,674,309

লা লিগার শিরোপা লড়াই যত শেষের দিকে এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনার পারদ। ইতিমধ্যে প্রতিটা দল খেলে ফেলেছে ২৯টা করে ম্যাচ। আর ৯টা করে ম্যাচ বাকি প্রত্যেকের। এই অবস্থায় প্রতিটি পয়েন্ট হয়ে উঠেছে অমূল্য। এমন এক টানটান পরিস্থিতিতে মাদ্রিদ ডার্বিতে নাটকীয় জয় পেয়ে শিরোপার দৌড়ে থাকল রিয়াল মাদ্রিদ।
রবিবার মধ্যরাতে সান্তিয়াগো বের্নাবেউতে রুদ্ধশ্বাস ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল আলবারো আরবেলোয়ার দল। জোড়া গোল করে ম্যাচের নায়ক ভিনিসিয়াস জুনিয়র। আর একটি গুরুত্বপূর্ণ গোল করেন ফেদেরিকো ভালভের্দে।
ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি আতলেতিকোর দখলে। ৩৩ মিনিটে দুরন্ত এক কাউন্টার অ্যাটাক থেকে দলকে এগিয়ে দেন আদেমোলা লুকমান। গোলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জিউলিয়ানো সিমিয়োনের। তাঁর বুদ্ধিদীপ্ত ব্যাকহিল পাসে বল না বাড়ালে হয়তো গোলই হত না।। যদিও প্রথমার্ধে রিয়ালকে কিছুটা ছন্দহীনই দেখায় এবং তারা সমতা ফেরাতে ব্যর্থ হয়।
তবে দ্বিতীয়ার্ধে যেন বদলে যায় পুরো ছবিটাই। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দুরন্ত প্রত্যাঘাত ঘটায় রিয়াল মাদ্রিদ। ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ভিনিসিয়াস। ব্রাহিম ডিয়াজকে নিজেদের বক্সে ফাউল করেন আতলেতিকোর ফুটবলার ডেভিড হাংকো। এর মাত্র তিন মিনিট পর আতলেতিকোর রক্ষণের ভুলকে কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন ভালভের্দে। চাপে পড়ে হোসে মারিয়া গিমেনেসের দেওয়া ভুল পাস কেড়ে নিয়ে নিখুঁত ফিনিশিং করেন তিনি।
তবে ম্যাচ এখানেই থেমে থাকেনি। বলা ভালো হাল ছেড়ে দেয়নি আতলেতিকো। ৬৬ মিনিটে প্রায় ৩০ মিটার দূর থেকে অবিশ্বাস্য শটে গোল করে ম্যাচে সমতা ফেরান নাহুয়েল মোলিনা। মুহূর্তের জন্য স্তব্ধ করে দেয় সান্তিয়াগো বের্নাবেউয়ে গোটা গ্যালারিকে।
কিন্তু বড়ো ম্যাচে তারকা ফুটবলারই পার্থক্য গড়ে দেন, যেমনটা হল এদিনের ডার্বিতে। রিয়ালের বিপদে সব দায়িত্ব কাঁধে তুলে নেন ভিনিসিয়াস। ৭২ মিনিটে বাঁ দিক দিয়ে দৌড়ে এসে দুই ডিফেন্ডারকে কাট ব্যাক করে দুরন্ত বাঁক খাওয়া শটে গোল করলেন ব্রাজিলীয় উইঙ্গার। তাঁর দ্বিতীয় গোলই শেষ পর্যন্ত নির্ধারণ করে দেয় ম্যাচের ভাগ্য। তবুও লড়াই সহজ ছিল না। প্রমাণ মেলে খানিক বাদে।
তবে ৭৭ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ভালভার্দেকে। আলেক্স বায়েনাকে সরাসরি ফাউল করেন তিনি। ফলে শেষ মুহূর্তে ১০ জন নিয়ে খেলতে হয় রিয়ালকে। সুযোগ পেয়ে একের পর এক আক্রমণ শানায় আতলেতিকো। জুলিয়ান আলভারেজ, গ্রিজম্যান এবং সোরলথরা সমতা ফেরানোর কাছাকাছি পৌঁছেও ব্যর্থ হন। বিশেষ করে আলভারেজের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। এদিন জয়ের ফলে ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার থেকে থেকে মাত্র চার পয়েন্টে পিছিয়ে কিলিয়ান এমবাপ্পেরা।
ম্যাচের পরে ভিনিসিয়াস বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ সবসময় জয়ের পথ খুঁজে নেয়। ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে আমি দারুণ খুশি। শুরু থেকেই আমরা ম্যাচটাকে নিয়ন্ত্রণ করছিলাম। প্রথমে গোল হজম করলেও মাথা ঠান্ডা রেখেছিলাম। শেষ পর্যন্ত সমর্থকরা হাসিমুখেই বাড়ি ফিরতে পারলেন।‘

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper