Khabor Ekhon
ভোটের মুখে নজিরবিহীন প্রশাসনিক রদবদল, একঝাঁক জেলাশাসক ও পুলিশকর্তাকে সরাল কমিশন
লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেই রাজ্যে প্রশাসনিক স্তরে বড়সড় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালাল জাতীয় নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোর লক্ষ্যে বুধবার বিকেলে একধাক্কায় রাজ্যের ১১টি জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের (ডিইও) অপসারণের নির্দেশিকা জারি করা হয়েছে। এই তালিকায় রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দার্জিলিং এবং আলিপুরদুয়ার। নতুন জেলাশাসক হিসেবে কোচবিহারে জিতেন যাদব, জলপাইগুড়িতে সন্দীপ ঘোষ, উত্তর দিনাজপুরে বিবেক কুমার, মালদহে রাজনবীর সিংহ কপূর, মুর্শিদাবাদে আর অর্জুন, নদিয়ায় শ্রীকান্ত পাল্লি, পূর্ব বর্ধমানে স্বেতা আগরওয়াল, উত্তর ২৪ পরগনায় শিল্পা গৌরিসারিয়া, দক্ষিণ ২৪ পরগনায় অভিষেক কুমার তিওয়ারি, দার্জিলিঙে হরিচন্দ্র পানিকর এবং আলিপুরদুয়ারে টি বালাসুব্রহ্মণ্যমকে নিয়োগ করা হয়েছে।
প্রশাসনিক এই রদবদল শুধু জেলাতেই সীমাবদ্ধ থাকেনি, বড় পরিবর্তন এসেছে কলকাতার ক্ষেত্রেও। উত্তর কলকাতার ডিইও তথা পুর কমিশনার সুমিত গুপ্তের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে স্মিতা পাণ্ডেকে এবং দক্ষিণ কলকাতায় নতুন ডিইও করা হয়েছে রণধীর কুমারকে। কমিশনের কড়া নির্দেশ, বৃহস্পতিবার বিকেল ৩টের মধ্যে নবনিযুক্ত আধিকারিকদের কাজে যোগদানের রিপোর্ট পাঠাতে হবে এবং ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অপসারিত কর্তাদের নির্বাচনী কোনও কাজে যুক্ত করা যাবে না।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই রাজ্যে পুলিশ ও প্রশাসনের শীর্ষস্তরে ধারাবাহিক ছাঁটাই চালাচ্ছে কমিশন। সোমবার রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডেকে সরিয়ে দেওয়ার পর মঙ্গলবার ১২ জন পুলিশ সুপার ও ৪ জন পুলিশ কমিশনারকে বদল করা হয়েছিল। বুধবার সকালেও ৫টি গুরুত্বপূর্ণ রেঞ্জ তথা রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, জলপাইগুড়ি এবং প্রেসিডেন্সির ডিআইজি পদমর্যাদার কর্তাদের সরিয়ে নতুন মুখ আনা হয়েছে। ডিআইজি বদলের কয়েক ঘণ্টার মধ্যেই জেলাশাসকদের এই ব্যাপক রদবদল নজিরবিহীন বলে মনে করছে রাজনৈতিক মহল। এর ফলে নিচুতলার পুলিশ প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনের সর্বোচ্চ স্তর পর্যন্ত এক বিশাল পরিবর্তনের ঢেউ আছড়ে পড়ল, যা আগামী নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে কমিশনের এক কঠোর বার্তা হিসেবেই দেখা হচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

