Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ভাগ্যিস সমালোচনা হল!’ কাঁদতে কাঁদতে নিষিদ্ধ গান নিয়ে মুখ খুললেন নোরা ফতেহি

0 89,437,779

রূপসা দাস: বলিউড অভিনেত্রী নোরা ফতেহি ও অভিনেতা সঞ্জয় দত্ত অভিনীত আলোচিত গান ‘সরকে চুনর তেরি সরকে’ (কন্নড় ভার্সনে ‘সার্সে নিন্না সেরাগা সার্সে’) কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছে। অশ্লীলতা, যৌন ইঙ্গিতপূর্ণ কথা ও দৃশ্যের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনার মুখে গানটি ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
উদীয়মান প্যান-ইন্ডিয়া কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এর প্রমোশনাল গানটি মাত্র কয়েকদিন আগে মুক্তি পায়। পরিচালক প্রেমের এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন ধ্রুব সারজা, সঞ্জয় দত্ত ও নোরা ফতেহি। গানের হিন্দি সংস্করণ প্রকাশের পরই শুরু হয় বিতর্ক। অনেকে অভিযোগ করেন, গানের কথায় অত্যন্ত কুরুচিকর ও দ্ব্যর্থবোধক শব্দ ব্যবহার করা হয়েছে, যা নারীদের অবমাননাকর এবং বিশেষ করে কিশোর-কিশোরীদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সমালোচনার ঝড়ের মধ্যে আইনজীবী বিনীত জিন্দাল সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ও তথ্য-সম্প্রচার মন্ত্রকের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)ও নোটিশ জারি করে। ফলে নির্মাতারা দ্রুত গানটি সরিয়ে নিতে বাধ্য হন। বিতর্কের জেরে নোরা ফতেহি সমাজমাধ্যমে লাইভে এসে কাঁদতে কাঁদতে নিজের বক্তব্য তুলে ধরেন। অভিনেত্রী জানান, এই গানের শুটিং হয়েছিল প্রায় তিন বছর আগে। সঞ্জয় দত্তের বিপরীতে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। গানটি মূলত কন্নড় ভাষায় শুট করা হয়েছিল। শুটিংয়ের সময় নির্মাতাদের কাছে গানের কথা জানতে চেয়েছিলেন নোরা। তখন কোনও অসুবিধা মনে হয়নি। তবে হিন্দি ভার্সন মুক্তির পরই সমস্যা শুরু হয়। নোরা বলেন, “হিন্দিতে যে শব্দ ব্যবহার করা হয়েছে, সেগুলো অত্যন্ত অসংযত ও কুরুচিকর। এমনটা হবে, এমন কোনও ধারণা আমার ছিল না। ওরা আমার অনুমতি পর্যন্ত নেয়নি।” তিনি আরও জানান, নির্মাতারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর সাহায্যে তাঁর ও সঞ্জয় দত্তের একটি ছবি তৈরি করেছেন, যা নিয়ে তিনি আগেই আপত্তি জানিয়েছিলেন। কিন্তু কোনও কাজ হয়নি।
নোরা ফতেহি জোর দিয়ে বলেন, “আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। আমি তারকাসন্তান নই, কারও হাতও আমার মাথায় নেই। যা আছে, তা শুধু সম্মান। সেই সম্মানের জোরেই আমি কাজ পাই। পরিচালকেরা আমার কথা শোনেননি।” তবে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন যে, জনসমালোচনার কারণেই গানটি সরিয়ে নেওয়া হয়েছে। অভিনেত্রীর কথায়, “ভাগ্যিস লোকে সমালোচনা করেছে! তাই নির্মাতারা এটা সরিয়েছেন। দয়া করে ভাববেন না, আমি এর সঙ্গে জড়িত।”
গানটি মুক্তির পর সিঙ্গার আরমান মালিকসহ অনেকে প্রকাশ্যে সমালোচনা করেছেন। কেউ কেউ একে ‘বাণিজ্যিক গান লেখার নতুন নিম্নমান’ বলে অভিহিত করেছেন। ছবিটির মুক্তি নির্ধারিত রয়েছে ৩০ এপ্রিল। এই ঘটনায় বলিউডে সেন্সরশিপ, নারী চিত্রায়ণ ও সৃজনশীল স্বাধীনতার সীমা নিয়ে নতুন করে বিতর্ক উস্কে উঠেছে।নোরা ফতেহির এই আবেগঘন স্বীকারোক্তি তাঁর ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ তাঁকে সমর্থন করছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন—শুটিংয়ের সময় কেন আরও সতর্ক ছিলেন না।বিনোদন জগতে এমন ঘটনা যে কতটা সহজেই ভাবমূর্তি নষ্ট করতে পারে, নোরার এই ঘটনা তারই এক উদাহরণ হয়ে রইল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper