Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

হাইভোল্টেজ রবিবার: একদিকে মমতার প্রতিবাদী মিছিল, অন্যদিকে শহরে কমিশনের ফুল বেঞ্চ

0 2,943,300

তপ্ত রোদেও চড়ছে রাজনৈতিক পারদ। আজ, রবিবার বাংলার রাজনীতিতে এক বিশেষ সন্ধিক্ষণ। একদিকে রান্নার গ্যাসের অগ্নিমূল্যের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজপথে কালো পোশাকে সরব হচ্ছেন মহিলারা, অন্যদিকে লোকসভা নির্বাচনের রণকৌশল চূড়ান্ত করতে আজ সন্ধ্যায় কলকাতায় পা রাখছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এই উচ্চপর্যায়ের সফর ঘিরে তুঙ্গে প্রশাসনিক তৎপরতা।

রবিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কমিশনের ফুল বেঞ্চ। সোমবার ও মঙ্গলবার—পরপর দু’দিন ঠাসা কর্মসূচি রয়েছে তাঁদের। সূত্রের খবর, সোমবার থেকেই রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন তাঁরা। এরপর রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক, জেলাশাসক (DM) এবং পুলিশ সুপারদের (SP) সঙ্গে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠকে বসবেন কমিশনার।

বৈঠক শুরুর আগে জ্ঞানেশ কুমারের ব্যক্তিগত কর্মসূচি নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। সূত্র মারফত জানা যাচ্ছে, মুখ্য নির্বাচন কমিশনার দক্ষিণেশ্বরের পাশাপাশি কালীঘাট মন্দির ও বেলুড় মঠেও যেতে পারেন। তবে এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ কুমার আগরওয়াল সরাসরি কিছু জানাননি। তিনি বলেন, “কমিশনারের এমন কোনো সূচি আমাদের জানা নেই। তবে ওঁর ব্যক্তিগত কোনো প্রোগ্রাম থাকলে তিনি সেখানে যেতেই পারেন।”

২০২৫ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ভোটার তালিকা সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ার পর রাজ্যের ভোটার সংখ্যায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

অক্টোবর ২০২৫: রাজ্যের মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন।

খসড়া তালিকা: নাম বাদ যায় প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ ভোটারের।

ফেব্রুয়ারি ২০২৬: গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ০৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনে।

কমিশনের তথ্য অনুযায়ী, ‘ফর্ম ৭’ জমা হওয়ার পর ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ গিয়েছে। তবে সবথেকে বড় উদ্বেগের বিষয় হলো, এখনও ৬০ লক্ষ ভোটারের ভাগ্য বিচারাধীন। আগামী মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার এই বিচারাধীন ভোটার এবং নির্বাচনের দিনক্ষণ (নির্ঘণ্ট) নিয়ে কী ঘোষণা করেন, সেদিকেই তাকিয়ে রয়েছে সব রাজনৈতিক দল।

গ্যাসের দাম নিয়ে পথে মমতা, কালো পোশাকে প্রতিবাদের ডাক

নির্বাচন কমিশনের সফরের ঠিক আগেই আজ প্রতিবাদে গর্জে উঠছে তৃণমূল কংগ্রেস। রান্নার গ্যাসের আকাশছোঁয়া দামের প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের প্রতিবাদ মিছিলে মহিলাদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিশেষ নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিবাদ জানাতে সকলে যেন কালো পোশাক পরে মিছিলে সামিল হন। আন্তর্জাতিক নারীদিবসে মুখ্যমন্ত্রীর এই ‘ব্ল্যাক প্রটেস্ট’ দিল্লির সরকারকে বড়সড় বার্তা দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

একদিকে ভোট প্রস্তুতির প্রশাসনিক তৎপরতা, অন্যদিকে মূল্যবৃদ্ধি নিয়ে রাজপথের আন্দোলন—সব মিলিয়ে বসন্তের রবিবারে বাংলার রাজনৈতিক উত্তাপ অন্য উচ্চতায় পৌঁছেছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Sudeshna Biswas, দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Sudeshna Biswas হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper