Khabor Ekhon
চাঁপাইনবাবগঞ্জের পোড়াগ্রামে গানবাজনা ‘হারাম’ ঘোষণা মসজিদ কমিটির ফরমানে বিতর্ক, প্রশাসন ব্যানার-পোস্টার বাজেয়াপ্ত
মৌসুমী নূর বেগম : চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তেররশিয়া পোড়াগ্রামে একটি জামে মসজিদের কমিটি গানবাজনা ও বাদ্যযন্ত্র বাজানোকে ‘হারাম’ ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে। ‘সমাজ সংস্কার’-এর নামে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হলেও এ নিয়ে গ্রামে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রশাসন ইতিমধ্যে হস্তক্ষেপ করে ব্যানার, ফেস্টুন ও পোস্টার বাজেয়াপ্ত করেছে।
মসজিদ কমিটির জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, “এতদ্বারা পোড়াগ্রামবাসীর পক্ষ হতে জানানো যাচ্ছে যে, আমরা আমাদের গ্রামের পরিবেশ, যুবসমাজের নৈতিকতা এবং পারিবারিক শান্তি রক্ষার জন্য গ্রামের গণসম্মতির ভিত্তিতে শিরক, বিদ’আত, গান–বাজনা ও অপসংস্কৃতি ইসলামের দৃষ্টিতে হারাম ও ক্ষতিকর হওয়ায় গ্রামের সামাজিক কল্যাণের স্বার্থে আজ থেকে আমাদের গ্রামে প্রকাশ্যে উচ্চশব্দে বাদ্যযন্ত্র বা গান-বাজনা সম্পূর্ণরূপে হারাম নিষিদ্ধ ঘোষণা করা হল।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এর পরেও যারা বাদ্যযন্ত্র বাজাবে বা গানবাজনা করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কোনও বিয়েবাড়িতে গানবাজনা হলে স্থানীয় আলেমরা সেখানে বিয়ে পড়াতে যাবেন না।
কয়েক মাস আগে এই বিজ্ঞপ্তি জারি করা হলেও সম্প্রতি বিষয়টি জানাজানি হওয়ার পর গ্রামজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। গ্রামের প্রবীণদের একাংশ এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তাঁদের মতে, এতে যুবসমাজের নৈতিকতা রক্ষা হবে এবং পরিবেশ শান্ত থাকবে। অন্যদিকে তরুণ প্রজন্মের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তাঁরা মনে করছেন, এই নিষেধাজ্ঞা ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর আঘাত।
গত কয়েকদিনে বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসনের নজরে আসে। পুলিশ অভিযান চালিয়ে গ্রামের বিভিন্ন স্থান থেকে এসব নিষেধাজ্ঞা-সংক্রান্ত ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিজ্ঞপ্তির কপি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও ব্যক্তি বা গোষ্ঠী নিজস্ব ইচ্ছায় এ ধরনের নিষেধাজ্ঞা জারি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে না।
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “গ্রামে শান্তি বজায় রাখতে চাইলে সবাইকে একসঙ্গে বসে আলোচনা করা উচিত। একতরফা ফরমান দিয়ে কিছু হবে না, বরং বিভেদ বাড়বে।”
এদিকে মসজিদ কমিটির সভাপতি বা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে প্রশাসনিক সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে যাতে কোনও পক্ষই আইনের বাইরে গিয়ে কোনও নিষেধাজ্ঞা চাপিয়ে না দিতে পারে।
এ ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গ্রামীণ সমাজে ধর্মীয় ব্যাখ্যা, সাংস্কৃতিক অধিকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

