Khabor Ekhon
ছাদে মায়ের মৃতদেহ, পাচারের সময় ধৃত গুণধর পুত্র

তিনদিন ধরে বাড়ির ছাদে পড়ে ছিল মায়ের নিথর দেহ। পচাগলা সেই দেহ পাচারের চেষ্টা করার সময় হাতেনাতে ধরা পড়ল বড় ছেলে। মালদহের ইংরেজবাজার থানার বালুচর মুচিপাড়ার এই নারকীয় ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতার নাম লক্ষ্মী দাস (৫৫)। শুক্রবার গভীর রাতে অন্ধকারে দেহটি ছাদ থেকে নামানোর সময় স্থানীয় বাসিন্দারা দেখে ফেললে পুরো বিষয়টি সামনে আসে। পুলিশ এসে অভিযুক্ত বড় ছেলে কৃষ্ণ দাসকে আটক করেছে।
স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরে লক্ষ্মীদেবীকে পাড়ায় দেখা যাচ্ছিল না। শুক্রবার রাতে হঠাৎ দেখা যায়, লক্ষ্মীদেবীর বাড়ির সমস্ত আলো নেভানো। অন্ধকারে বাড়ির বড় ছেলে কৃষ্ণকে ছাদে রহস্যজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন প্রতিবেশীরা। সন্দেহ দানা বাঁধায় নজরদারি বাড়ান তাঁরা। গভীর রাতে দেখা যায়, ছাদ থেকে একটি ভারী বস্তু নামিয়ে আনার চেষ্টা করছে কৃষ্ণ। কাছে যেতেই বীভৎস গন্ধ ও মায়ের মৃতদেহ দেখে আঁতকে ওঠেন বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অন্তত তিনদিন আগেই মৃত্যু হয়েছে ওই প্রৌঢ়ার। দেহটি তিনতলার ছাদে ফেলে রাখা হয়েছিল। কিন্তু কেন এই গোপনীয়তা? মৃতার স্বামী পুলিশ কনস্টেবল ছিলেন। তাঁর মৃত্যুর পর ছোট ছেলে বিকাশ সেই চাকরি পান। স্থানীয়দের প্রশ্ন, তবে কি সম্পত্তি বা অর্থের লোভে খুন করা হয়েছে প্রৌঢ়াকে? নাকি স্বাভাবিক মৃত্যুর পর কোনও অসৎ উদ্দেশ্যে দেহ পাচারের ছক ছিল? পুলিশ সবক’টি দিক খতিয়ে দেখছে।
এলাকার তৃণমূল কাউন্সিলর জানান, ওই পরিবারের দুই ছেলেই নিয়মিত মদ্যপান করতেন। নেশার ঘোরে তাঁরা এলাকার মানুষের সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না। পারিবারিক কলহ সেখানে নিত্যনৈমিত্তিক ব্যাপার ছিল। কাউন্সিলের কথায়, “ছেলেরা সব সময় মদ্যপ অবস্থায় থাকত। এমন নিষ্ঠুর ঘটনা অভাবনীয়।”
পুলিশ জানিয়েছে, মৃতদেহে পচন ধরে যাওয়ায় মৃত্যুর সঠিক কারণ এখনই বলা সম্ভব নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে এটি খুন নাকি স্বাভাবিক মৃত্যু। আপাতত বড় ছেলে কৃষ্ণ দাসকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছোট ছেলে বিকাশের ভূমিকাও খতিয়ে দেখছে প্রশাসন।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

