Khabor Ekhon
ভোটার তালিকায় বিভ্রাট: সিইও-র ‘লক্ষ্মণরেখা’ বনাম শাসকদলের ব্যক্তিগত তোপ
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের ‘লক্ষ্মণরেখা’ স্মরণ করানোই কি কাল হল?
ভোটার তালিকায় একের পর এক ভুল এবং আধিকারিকদের দায় ঠেলা নিয়ে রাজ্য প্রশাসনের অন্দরে যে অসন্তোষ ধিকধিক করছিল, তা এবার সরাসরি রাজনৈতিক যুদ্ধে রূপ নিল। কমিশনের আধিকারিকদের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তুলে একদিকে যেমন সরব হয়েছেন ডব্লুবিসিএস অফিসাররা, তেমনই সিইও-র পারিবারিক সম্পত্তি ও পুরনো সিবিআই মামলা টেনে আক্রমণ শানাল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।
ঘটনার সূত্রপাত ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণ (এসআইআর) নিয়ে। বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষের নাম ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ থাকা বা কালনার পূর্ণ সাহার মতো জীবিত মানুষকে ‘মৃত’ দেখানোর মতো ঘটনায় মুখ পুড়ছে কমিশনের। অভিযোগ, এই ভুলের দায় নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলে ইআরও এবং এইআরও-দের ওপর চাপিয়ে দিচ্ছেন সিইও মনোজ আগরওয়াল। এর প্রতিবাদে রাজ্যের ডব্লুবিসিএস অফিসাররা সরব হতেই সিইও দপ্তর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে তাঁদের ‘সার্ভিস রুল’ ও ‘লক্ষ্মণরেখা’ মনে করিয়ে পোস্ট করে। আর এই ‘উপদেশ’ ঘিরেই শুরু হয়েছে পাল্টা লড়াই।
সিইও দফতরের ওই পোস্টের পরই আসরে নামেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পুরনো একটি খবরের স্ক্রিনশট শেয়ার করে তিনি সরাসরি প্রশ্ন তোলেন মনোজ আগরওয়ালের নৈতিকতা নিয়ে। চন্দ্রিমার অভিযোগ, “যিনি আজ লক্ষ্মণরেখা আর সার্ভিস রুলের কথা বলছেন, তাঁর স্ত্রীর নামে সিবিআই চার্জশিটে ৩০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিভিন্ন রাজ্যে বিপুল সম্পত্তির উল্লেখ ছিল। তখন তাঁর নৈতিকতা কোথায় ছিল?”
তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য এবং সুদীপ রাহারাও একই সুরে আক্রমণ শানিয়েছেন। দেবাংশু কেবল মনোজ আগরওয়াল নন, টেনে এনেছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রসঙ্গও। ২০০৬ সালে কেরলের রাস্তা কেলেঙ্কারি এবং এক মালয়েশিয়ান মহিলার আত্মহত্যার প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, অন্যকে শিক্ষা দেওয়ার আগে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের স্পষ্টীকরণ দেওয়া উচিত।
আক্রমণ ব্যক্তিগত পর্যায়ে পৌঁছাতেই নীরবতা ভেঙেছে সিইও দফতর। সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্টে দাবি করা হয়েছে, বিশেষ আদালতের বিচারক চার্জশিটের সমস্ত অভিযোগ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের সসম্মানে মুক্তি দিয়েছেন।
মিসেস আগরওয়াল ১৯৮৩ সাল থেকে নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করছেন এবং বিয়ের আগে থেকেই তিনি ওই সম্পত্তির মালিক।
পুরো বিষয়টিই সম্পূর্ণ আইনসিদ্ধ এবং নথিবদ্ধ।
ভোটের নির্ঘণ্ট ঘোষণার মুখে দাঁড়িয়ে খোদ রাজ্যের সর্বোচ্চ নির্বাচনী আধিকারিকের ব্যক্তিগত সততা নিয়ে শাসকদলের এই আক্রমণ নজিরবিহীন। রাজনৈতিক মহলের মতে, ভোটার তালিকায় নাম বাদ পড়া বা ভুল সংশোধনে বিএলও-দের গাফিলতি নিয়ে যে জনরোষ তৈরি হয়েছে, তাকেই অস্ত্র করে কমিশনকে চাপে রাখার কৌশল নিচ্ছে শাসক শিবির। অন্যদিকে, নিচুতলার আধিকারিকদের সঙ্গে শীর্ষ কর্তার এই দূরত্ব নির্বাচনের কাজে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

