Khabor Ekhon
কড়া নজরদারিতেও মোবাইল কাণ্ড! এসএসসি গ্রুপসি পরীক্ষায় পরীক্ষা বাতিল একাধিকের

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পর ফের কড়া নিরাপত্তার আবহে রবিবার রাজ্যজুড়ে অনুষ্ঠিত হল স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) গ্রুপ–সি নিয়োগের লিখিত পরীক্ষা। কিন্তু কঠোর তল্লাশি ও নজরদারির মাঝেও একাধিক পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন উদ্ধারের ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে। যার জেরে কোথাও পরীক্ষা বাতিল, কোথাও গ্রেফতার, সব মিলিয়ে দিনভর উত্তেজনা ছড়ায় বিভিন্ন কেন্দ্রে। পাশাপাশি তল্লাশির নামে হয়রানির অভিযোগও তুলেছেন একাধিক পরীক্ষার্থী ।
রাজ্যজুড়ে মোট ১,৬৯৩টি কেন্দ্রে পরীক্ষা হয়। শূন্যপদ ২,৯৮৯টি হলেও আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় ৮ লক্ষ ৪ হাজার। স্বাভাবিকভাবেই নিরাপত্তায় ছিল বাড়তি কড়াকড়ি। অ্যাডমিট কার্ডে স্পষ্ট নির্দেশ ছিল, মোবাইল বা কোনও ইলেকট্রনিক গ্যাজেট আনা যাবে না। এমনকি বুট জুতো নয়, সাধারণ চপ্পল বা হাওয়াই চটি পরে আসারও নির্দেশ দেওয়া হয়েছিল। কড়া নির্দেশের সত্ত্বেও বাঁকুড়া জেলায় চার পরীক্ষার্থী মোবাইল–সহ ধরা পড়েন। বিষ্ণুপুর রামানন্দ কলেজে ২ জন, খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয়ে ১ জন এবং বড়জোড়া কলেজে ১ জন পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল উদ্ধার হয়।
জানা গিয়েছে, ধৃতদের মধ্যে তিনজন মালদা ও একজন মুর্শিদাবাদের বাসিন্দা। পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হলেও কীভাবে তাঁরা মোবাইল নিয়ে ভিতরে প্রবেশ করলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই তাঁদের আচরণে সন্দেহ হয় ইনভিজিলেটরদের। পুনরায় তল্লাশি চালিয়ে প্রত্যেকের কাছ থেকে ছোট কি–প্যাড মোবাইল উদ্ধার হয়। চারজনেরই পরীক্ষা বাতিল করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনায় বিষ্ণুপুর মহকুমার নোডাল অবজ়ারভার অরুণাভ বন্দ্যোপাধ্যায়ের দাবি, মোবাইল নিয়ে সরাসরি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে যেসব পরীক্ষার্থী তাঁদের পরীক্ষা ব্যবস্থাকে বানচাল করার উদ্দেশ্য থাকতে পারে। অপরদিকে জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য দাবি করেছেন, এ বিষয়ে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
একই দিনে উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুরনগর বালিকা বিদ্যালয় কেন্দ্রে ঘটে আর এক ঘটনা। পরীক্ষা চলাকালীন আচমকা এক পরীক্ষার্থীর মোবাইল ফোন বেজে ওঠে। সঙ্গে সঙ্গেই সতর্ক হন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। তল্লাশি চালিয়ে পরীক্ষার্থী মৃন্ময় দাসের কাছ থেকে মোবাইল উদ্ধার হয়। খবর দেওয়া হয় গাইঘাটা থানায়। নিয়মভঙ্গের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয় এবং মোবাইল বাজেয়াপ্ত করা হয়। কড়া চেকিং সত্ত্বেও কীভাবে মোবাইল পরীক্ষাকক্ষে পৌঁছল, তা নিয়ে প্রশাসনিক স্তরেও প্রশ্ন উঠেছে।
অন্যদিকে, আচার্য জগদীশচন্দ্র বোস কলেজ–সহ কলকাতার কয়েকটি কেন্দ্রে তল্লাশির নামে অশালীন আচরণের অভিযোগ ওঠে। এক পরীক্ষার্থী ইমেল করে অভিযোগ জানান, ছেলেদের চেকিং রুমে কাউকে কাউকে অন্তর্বাস পর্যন্ত খুলতে বলা হয়েছে। কোথাও আবার মেয়েদের জন্য আলাদা চেকিং রুম থাকা সত্ত্বেও তাঁদের ব্যাগ ছেলেদের ঘরে রাখতে বলা হয় বলেও অভিযোগ। এক বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীকে জুতো খুলে খালি পায়ে পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে বলেও দাবি। অনেক কেন্দ্রেই জুতো, কোমরের বেল্ট ও গয়না খুলে বাইরে রাখতে বলা হয়। মণীন্দ্র চন্দ্র কলেজের বাইরে বহু পরীক্ষার্থীকে খালি পায়ে কেন্দ্রে ঢুকতে হয়েছে। তাঁদের দাবি, অ্যাডমিট কার্ডে জুতো নিষিদ্ধের স্পষ্ট উল্লেখ ছিল না।
তবে কমিশনের এক আধিকারিক দাবি করেন, সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে লিখিত অভিযোগ জমা পড়েনি। মেটাল ডিটেক্টরে সংকেত পাওয়ার ভিত্তিতেই প্রয়োজনীয় তল্লাশি করা হয়েছে। কড়া নিরাপত্তা, লক্ষাধিক পরীক্ষার্থী, আর সীমিত শূন্যপদ এসএসসি গ্রুপ–সি পরীক্ষা ঘিরে প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু মোবাইল–কাণ্ড ও তল্লাশি বিতর্ক সেই আয়োজনের স্বচ্ছতা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

