Khabor Ekhon
যুদ্ধের জন্য দিল্লিতে আটকে জিম্বাবোয়ে
বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা টপকে সুপার এইটে পা রেখেছিল জিম্বাবোয়ে। কিন্তু আর এগোতে পারেনি। সুপার এইট থেকে বিদায় নিতে হয়েছে তাদের। ফলে সোমবার দেশে ফেরার কথা ছিল জিম্বাবোয়ের ক্রিকেটারদের। কিন্তু দিল্লির হোটেলে আটকে রয়েছেন তাঁরা। ইরানের বিরুদ্ধে ইজরায়েল ও আমেরিকার যুদ্ধে জন্য দেশে ফিরতে সমস্যায় পড়েছেন জিম্বাবোয়ের ক্রিকেটাররা।
রবিবার দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের শেষ ম্যাচ খেলেছে জিম্বাবোয়ে। তারপর সোমবার দু’টি ব্যাচে দেশে ফেরার কথা ছিল ক্রিকেটারদের। প্রথম ব্যাচের ক্রিকেটারদের বিমান ধরার কথা ছিল ভোর সাড়ে ৪টেয়। পরের ব্যাচ বিমান ধরত সন্ধ্যায়।
দিল্লি থেকে প্রথমে দুবাই ও তারপরে হারারেতে ফেরার কথা ছিল সিকন্দর রাজাদের। কিন্তু যুদ্ধের কারণে দুবাইয়ের বিমানবন্দর বন্ধ রয়েছে। পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশের আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই কারণে, বিমান চলাচল বন্ধ রয়েছে। সেই কারণেই এই সমস্যা।
আপাতত ৪ মার্চ পর্যন্ত দিল্লির হোটেলে জিম্বাবোয়ের ক্রিকেটারদের ঘর ভাড়া করা রয়েছে। তারপর কী হবে, তা নিয়েই চিন্তায় ক্রিকেটাররা। যদিও আয়োজকেরা জানিয়েছে, বিকল্প পথে ক্রিকেটারদের দেশে ফেরানো যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে।
এর মাঝেই একটি বিবৃতি দিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা লিখেছে, ‘মধ্যপ্রাচ্যে যে সমস্যা শুরু হয়েছে তার সঙ্গে বিশ্বকাপের কোনও সম্পর্ক নেই। কিন্তু বিশ্বকাপে অংশ নেওয়া বেশ কিছু দেশের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ফেরার ক্ষেত্রে দুবাই বিমানবন্দর খুব গুরুত্বপূর্ণ, সেই খবর আইসিসি জানে। তাই সেই সব দেশের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের দেশে ফেরানোর সব রকম বন্দোবস্ত আইসিসি করবে।’ জয় শাহের সংস্থা বিবৃতিতে আরও লিখেছে, ‘ইউরোপ, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে আলোচনা চলছে। আইসিসির সুরক্ষা দল সব দিকে নজর রাখছে। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বিষয়ে একটি আলাদা দল তৈরি করা হয়েছে। তারা পুরো বিষয়টি দেখছে।’
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

