Khabor Ekhon
পরীক্ষা না দিয়েই চম্পট পরীক্ষার্থী! তদন্তে পুলিশ

উচ্চমাধ্যমিক পরীক্ষার মতো জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষায় স্বপ্ন আর উদ্বেগ দুই-ই থাকে পরীক্ষার্থীদের মনে। কিন্তু সেই পরীক্ষার দিনই যদি হঠাৎ নিখোঁজ হয়ে যায় স্বয়ং পরীক্ষার্থী! তবে তা শুধু একটি পরিবারের নয়, গোটা এলাকার উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়ায়। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে এমনই এক ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, ১৮ বছর ৫ মাস বয়সী ওই ছাত্রী বৃহস্পতিবার সকালে মামার সঙ্গে পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয়। তার বাড়ি সবংয়ে। পড়াশোনা করত এলাকারই একটি স্কুলে। সেদিন তার পরীক্ষাকেন্দ্র ছিল চাঁদকুড়ি হাইস্কুল। সকাল প্রায় ৯টা নাগাদ মামা তাঁকে স্কুলের সামনে নামিয়ে দিয়ে বাড়ি ফিরে যান। পরীক্ষা শেষ হওয়ার পর ভাগ্নিকে আনতে এসে তিনি দেখেন, অন্য পরীক্ষার্থীরা বেরিয়ে এলেও ভাগ্নির দেখা নেই। প্রথমে ভেবেছিলেন হয়তো দেরি হচ্ছে। কিন্তু কিছুক্ষণ অপেক্ষার পরও কোনও সাড়া না পেয়ে স্কুলের ভিতরে খোঁজখবর নেন। তখনই জানতে পারেন, সেদিন পরীক্ষায় উপস্থিতই ছিল না ওই ছাত্রী। আগের দু’টি পরীক্ষায় সে অংশ নিয়েছিল।
ঘটনায় চাঁদকুড়ি হাইস্কুলের প্রধান শিক্ষক বাসু হেমব্রমের দাবি, পরীক্ষার্থীর অনুপস্থিতি লক্ষ্য করেই সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারেন, পরীক্ষা দিতে বেরোলেও সে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেনি। স্কুলের গেটের বাইরে থেকেই সে অন্যত্র চলে গিয়েছে বলে অনুমান।
ঘটনা জানাজানি হতেই পরিবারের সদস্যরা আত্মীয়–পরিজনদের নিয়ে চারদিকে খোঁজ শুরু করেন। কিন্তু কোথাও সন্ধান না মেলায় সন্ধ্যায় সবং থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। পুলিশ ইতিমধ্যে এলাকার আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রেমিকের সঙ্গে পালিয়ে থাকতে পারে ওই তরুণী। স্থানীয় বাসিন্দাদের দাবি, পরীক্ষা শুরুর আগে স্কুল পোশাক পরা এক মেয়েকে এক যুবকের সঙ্গে দ্রুত চলে যেতে দেখা গিয়েছিল। যদিও তখন তাঁরা বুঝতে পারেননি যে মেয়েটি পরীক্ষার্থী।
তবে এর আগেও একবার প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়েছিল ওই ছাত্রী। পরে পরিবারের উদ্যোগে তাঁকে ফিরিয়ে এনে পুনরায় পড়াশোনায় যুক্ত করা হয়। ফলে একই ঘটনার পুনরাবৃত্তির সম্ভাবনাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

