AB Live News
মুলুন্দে মেট্রো পিলার ভেঙে মৃত্যু, তদন্তের নির্দেশ ফড়নবিশের
নিজস্ব প্রতিনিধি: (মুম্বাই) মহানগরের ব্যস্ত দুপুরে হঠাৎ বিকট শব্দ। মুহূর্তের মধ্যে ধুলোয় ঢেকে গেল চারদিক। উত্তর-পূর্ব মুম্বইয়ের মুলুন্দ এলাকায় নির্মীয়মাণ মেট্রো প্রকল্পের একটি কংক্রিটের পিলারের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়তেই মৃত্যু হল এক ব্যক্তির, গুরুতর জখম আরও অন্তত তিনজন। ব্যস্ত এলবিএস রোডে এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরে।
প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর প্রায় ১২টা ২০ মিনিট নাগাদ এলবিএস রোডের উপর দিয়ে চলছিল স্বাভাবিক যান চলাচল। সেই সময় আচমকাই নির্মীয়মাণ মেট্রোর সিমেন্টের পিলারের একাংশ ভেঙে নীচে পড়ে। বিশাল কংক্রিটের চাঁই সোজা গিয়ে পড়ে একটি অটোরিকশার উপরে। মুহূর্তে দুমড়ে-মুচড়ে যায় অটোটি। পাশেই থাকা একটি ব্যক্তিগত গাড়ির সামনেও আঘাত লাগে, সেটিও ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকল বাহিনী। ভারী ক্রেন এনে ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ভরদুপুরে রাস্তায় যানবাহনের চাপ যথেষ্ট ছিল। ফলে বড়সড় বিপর্যয় ঘটার আশঙ্কা ছিল। সৌভাগ্যবশত হতাহতের সংখ্যা আরও বাড়েনি।
মৃত ব্যক্তির নাম রামধন যাদব (৫৫)। উত্তরপ্রদেশের বাসিন্দা তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেড়াতে মুম্বই এসেছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় বাবলু যাদব ও মহেন্দ্র যাদব নামে আরও দুই ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পরই তদন্তের নির্দেশ দিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ। স্বজনহারা পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাঁচ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি নির্মাণকাজে গাফিলতি বা প্রযুক্তিগত ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মুম্বই মেট্রো সম্প্রসারণ প্রকল্প শহরের পরিকাঠামো উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ। তবে অতীতে নির্মাণকাজ ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিকবার। শনিবারের এই দুর্ঘটনা ফের সেই নিরাপত্তা ব্যবস্থাকেই কাঠগড়ায় দাঁড় করাল।
এখন প্রশ্ন, ব্যস্ত মহানগরে এমন দুর্ঘটনা রুখতে নিরাপত্তা বিধি কতটা কঠোরভাবে মানা হচ্ছে? তদন্তের রিপোর্টই দেবে তার উত্তর।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

