AB Live News
আবাসনের বাথরুম থেকে উদ্ধার বৃদ্ধের পচাগলা দেহ

সাতসকালেই এক রক্তাক্ত ঘটনায় শোকের ছায়া পড়ল খাস কলকাতায়। বৃহস্পতিবার সকালে সল্টলেকের জিডি ৯১ নম্বর বাড়ির দোতলার বাথরুম থেকে এক বৃদ্ধের মাথা ফাটা অবস্থায় পচাগলা দেহ উদ্ধার করল দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। মৃতের নাম তাপস রায়(৬৫)। ময়নাতদন্তের জন্য ইতিমধ্যে দেহটিকে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, গত পরশুদিন থেকে তাপস রায়কে বাড়িতে দেখতে পাননি প্রতিবেশীরা। তাই বৃহস্পতিবার সকালে তাঁকে ফোনও করেন। কিন্তু ফোনের রিং বাজলেও কেউ ফোন না ধরায় প্রতিবেশীর মনে সন্দেহ জাগে। তিনি দক্ষিণ বিধাননগর থানায় খবর দেন। পুলিশ উপস্থিত হয়ে তাপস বাবুর বাড়ির দরজা ভেঙে বাথরুমে উপুড় হয়ে পড়ে থাকা দেহটিকে উদ্ধার করে।
স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকে ওই বাড়িতে একাই থাকতেন অবসরপ্রাপ্ত বৃদ্ধ তাপস রায়। মেয়ের বিয়ের পর প্রথমে তিনি বেঙ্গালুরুতে থাকতেন এবং পরবর্তী সময়ে দিল্লিতে। প্রতিবেশীদের দাবি, মাঝে মাঝে বাড়ি থেকে অন্য কোথাও গেলেও তিনি প্রতিবেশীদের জানিয়ে যেতেন। তবে গত পরশুদিনের পর তাঁর সঙ্গে কারওর কথা হয়নি, এমনকি তাঁকে দেখতেও পাওয়া যায়নি।
ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান, বাথরুমে পড়ে গিয়ে মাথা ফাটে তাপস রায়ের। মাথায় গুরুতর আঘাত এবং অতিরিক্ত পরিমাণে রক্তক্ষরণের ফলেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। তবে ময়নাতদন্তের রিপোর্ট বেরলেই মৃত্যুর সঠিক কারণ বোঝা যাবে বলে দাবি পুলিশ প্রশাসনের।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

