Khabor Ekhon
আলিপুরে ট্রেজারি ভবনে আগুন

কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা। এ বার আগুন লাগল আলিপুরের ট্রেজারি বিল্ডিংয়ে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ বহুতল ওই সরকারি ভবনের পাঁচতলায় আগুন ছড়িয়ে পড়ে, মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন এবং শুরু হয় উদ্ধার ও আগুন নেভানোর কাজ।
পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ভবনের পাঁচতলার একটি স্টোরেজ রুম থেকেই আগুনের সূত্রপাত। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে দমকল বিভাগ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার কিছু পরে ভবনের পাঁচতলা থেকে ধোঁয়া বেরোতে দেখেন কয়েক জন কর্মী ও স্থানীয় বাসিন্দা। মুহূর্তের মধ্যেই ট্রেজারি বিল্ডিং জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত দমকলে খবর দেওয়া হলে অল্প সময়ের মধ্যেই দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন এবং আগুন নেভানোর কাজ শুরু করেন। তাঁদের তৎপরতার ফলেই আগুন আর ছড়িয়ে পড়তে পারেনি বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। নচেৎ বড়সড় বিপদ ঘটতে পারত বলেই আশঙ্কা।
এই ঘটনায় স্বস্তির খবর, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কেউ আহত হননি, প্রাণহানিরও খবর নেই। তবে সরকারি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।
উল্লেখযোগ্য বিষয় হল, সাম্প্রতিক সময়ে কলকাতায় পরপর একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে। বড়বাজার, বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং নিউটাউনে কয়েক দিনের ব্যবধানে আগুন লাগার ঘটনার পর এ বার আলিপুরের গুরুত্বপূর্ণ ট্রেজারি ভবনে অগ্নিকাণ্ড। বারবার এমন ঘটনায় শহরের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং পুরনো ভবনগুলির রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

