Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে প্রস্তুত বিরোধীরা শাসক-বিরোধী সংঘাতে উত্তাল সংসদ, মোদির ‘নিরাপত্তা’ ঘিরে তীব্র বিতর্ক

0 5,536

 

 

লোকসভায় শাসক ও বিরোধীদের সংঘাত চরমে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর সম্ভাব্য শারীরিক হামলার আশঙ্কায় বুধবার অধিবেশন মুলতুবি করার সিদ্ধান্তকে কেন্দ্র করে এবার সরাসরি লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পথে হাঁটছে বিরোধীরা। কংগ্রেস-সহ বিরোধী জোটের অভিযোগ, স্পিকার সাংবিধানিক নিরপেক্ষতা বজায় না রেখে ধারাবাহিক ভাবে শাসকদলের পক্ষপাতিত্ব করছেন।

সূত্রের খবর, চলতি বাজেট অধিবেশনেই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি শুরু করেছে বিরোধী শিবির। সংসদের বিধি অনুযায়ী, এক্ষেত্রে অন্তত ২০ দিনের নোটিশ দেওয়ার প্রয়োজন রয়েছে। বিরোধীদের দাবি, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার অনুমতি চাওয়া হলেও তা বারবার খারিজ করা হচ্ছে। এমনকি বিরোধী দলের নেতাদের বক্তব্য রাখার সুযোগও দেওয়া হচ্ছে না। ইচ্ছেমতো অধিবেশন মুলতুবি করে সংসদের গণতান্ত্রিক রীতিনীতি ক্ষুণ্ণ করা হচ্ছে বলেই অভিযোগ।

সোমবারই বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বক্তব্য রাখতে দেওয়ার দাবিতে সরব হয়েছিল কংগ্রেস। কিন্তু স্পিকারের অনুমতি মেলেনি। তার জেরে দফায় দফায় মুলতুবি হয় লোকসভার অধিবেশন। উত্তেজনার মধ্যেই বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের উপর প্রধানমন্ত্রীর ধন্যবাদজ্ঞাপন ভাষণ দেওয়ার কথা থাকলেও সংসদে উপস্থিত হননি নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার সরকারিভাবে জানানো হয় এক বিস্ফোরক তথ্য। সরকারি সূত্রের দাবি, কংগ্রেস প্রধানমন্ত্রীকে সংসদের ভিতরেই শারীরিক ভাবে আক্রমণ করার পরিকল্পনা করেছিল—এমন আশঙ্কার ভিত্তিতেই স্পিকার ওম বিড়লার পরামর্শে ধন্যবাদজ্ঞাপন ভাষণ এড়িয়ে যান প্রধানমন্ত্রী। যদিও কংগ্রেস এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের কটাক্ষ, মহিলা সাংসদরা প্রধানমন্ত্রীকে আক্রমণ করবেন—এমন ভাবনা হাস্যকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এর আগে, আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনার দাবিতে হইহট্টগোলের জেরে গত মঙ্গলবার আটজন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে সংসদ। এদিনই রাহুল গান্ধী দাবি করেন, প্রধানমন্ত্রী সংসদে এলে তিনি নিজে গিয়ে প্রাক্তন সেনাপ্রধান এম এম নারাভানের বিতর্কিত বইটি তাঁর হাতে তুলে দেবেন। উল্লেখ্য, ওই বইয়ে লাদাখে চিনা আগ্রাসন সংক্রান্ত যে অংশ রয়েছে, তা সোমবার সংসদে পড়তে চেয়েছিলেন রাহুল। কিন্তু শাসক শিবিরের আপত্তি ও স্পিকারের বাধায় তা সম্ভব হয়নি।

বুধবার বিকেল পাঁচটা নাগাদ প্রধানমন্ত্রী আসবেন বলে অপেক্ষা করছিলেন সাংসদরা। সেই সময় প্রধানমন্ত্রীর চেয়ারের সামনে আট-নয়জন বিরোধী মহিলা সাংসদ ‘সঠিক কাজ করুন’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান। পরে মন্ত্রীদের অনুরোধে তাঁরা সরে যান। কিন্তু পরিস্থিতির উত্তেজনা কাটেনি। শেষ পর্যন্ত অধিবেশন এবং প্রধানমন্ত্রীর ভাষণ—দুটিই মুলতুবি করে দেওয়া হয়।

সরকারি সূত্রের মতে, রাষ্ট্রপতির ভাষণের উপর প্রধানমন্ত্রীর ধন্যবাদজ্ঞাপন ভাষণ না হওয়া নজিরবিহীন ঘটনা। প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগ, পরিকল্পিত গোলমালের মাধ্যমে মোদির নিরাপত্তা বিঘ্নিত হতে পারত। অন্যদিকে কংগ্রেসের পাল্টা অভিযোগ, বিরোধীদের মুখোমুখি হওয়ার ভয়েই সংসদে আসেননি প্রধানমন্ত্রী।

এই টানাপোড়েনের মধ্যেই স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে অনাস্থা প্রস্তাবের পথে হাঁটছে বিরোধীরা—যা সংসদের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper